মুন্সীগঞ্জে র‌্যাবের অভিযানে দেশীয় মদসহ আটক-২

সুমন হোসেন শাওন, মুন্সীগঞ্জ সংবাদদাতাঃ মুন্সীগঞ্জে র‌্যাবের অভিযানে দেশীয় মদসহ ২ মাদক ব্যবসায়ী আটক করেছে। বুধবার বিকাল সাড়ে ৪ টায় র‌্যাব-১১, মুন্সীগঞ্জ সিপিসি-১ কোম্পানী কমান্ডার এএসপি মোঃ মহিতুল ইসলামের নেতৃত্বে র‌্যাবের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে জেলার সদর থানার হাট লক্ষীগঞ্জ গ্রামে অভিযান চালিয়ে আনোয়ার ওরফে জাকির হোসেন (৪৮) ও মোঃ তাহিদুল ইসলাম (৫৩) নামে ২ মাদক ব্যবসায়ীকে আটক করেন। এ সময় তাদের কাছ থেকে দেশীয় তৈরী বাংলা মদ ও মাদক বিক্রির নগদ টাকা উদ্ধার করা হয়। মাদক ব্যবসায়ী হাট লক্ষীগঞ্জ গ্রামের মৃত ফজলুল হকের ছেলে জাকির হোসেন ও পুকুরপাড় গ্রামের মৃত মতিন বেপারীর ছেলে মোঃ তহিদুল ইসলাম নূর। র‌্যাবের এক প্রেস রিলিজে জানা যায়, আটককৃদের কাছ থেকে ৪৫.৫ লিটার দেশীয় মদ (৮৭ বোতল) ও মাদক বিক্রির নগদ ৬ হাজার ৩’শত ৩০ টাকা উদ্ধার করা হয়। মাদকের আনুমানিক মূল্য ১৩ হাজার ৫০ টাকা। তাদের বিরুদ্ধে জেলার সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলার প্রস্তুতি চলছে।