মুন্সীগঞ্জে সড়ক দূর্ঢটনায় নিহত ২

সড়ক দুর্ঘটনা

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার জমালদি বাসস্ট্যান্ডে বাসচাপায় পথচারী দুই হোটেল ব্যবসায়ী নিহত ও অপর একজন আহত হয়েছেন।

শুক্রবার (২৯ জানুয়ারি) সকালে কুমিল্লা থেকে ঢাকাগামী একটি যাত্রীবাহী বাসের ধাক্কায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন চাঁদপুর জেলার কচুয়া থানার আলী মিয়ার ছেলে ইসমাইল হোসেন (৩৫) ও একই থানার মুসলিম মোল্লার ছেলে আবুল কালাম মোল্লা (২৬)। আহত ব্যক্তির নাম বেলাল (২৫)। সে নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার বাসিন্দা।

এসব তথ্য দিয়ে গজারিয়া ভবেরচর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. সালাহ উদ্দিন জানান, সকালে জামালদী বাসস্ট্যান্ড এলাকায় বাসের জন্য অপেক্ষমাণ থাকা তিন যাত্রীকে কুমিল্লা থেকে ঢাকাগামী একটি বাস ধাক্কা দিলে ঘটনাস্থলে দুজনের মৃত্যু হয়। এ সময় আহত হন একজন। তাৎক্ষণিকভাবে খবর পেয়ে বাসটিকে আটক করার চেষ্টা করলেও সেটা সম্ভব হয়নি।

ঘন কুয়াশার কারণে দুর্ঘটনা ঘটতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। নিহত দুজনের লাশ ভবেরচর ফাঁড়িতে রয়েছে। আহত বেলালকে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

নিহত ইসমাইল হোসেনের ভাই সুমন মিয়া জানান, হতাহতরা সবাই হোটেল ব্যবসায়ী। ভোরে হোটেলের মালামাল কিনতে ঢাকা যাত্রাবাড়ী আরতে যাচ্ছিলেন তারা। জামালদি বাসস্ট্যান্ড এলাকায় বাসের জন্য অপেক্ষমাণ ছিলেন। এ সময় কুমিল্লা থেকে ঢাকাগামী একটি যাত্রীবাহী বাসকে থামার জন্য সিগন্যাল দিলে বাসটি সেটা অমান্য করে তাদের ধাক্কা দিয়ে চলে যায়। এতে এ দুর্ঘটনা ঘটে।