মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি: দেশজুড়ে চলমান তীব্র তাবদাহ’র কারনে যেখানে ঘর থেকে বের হওয়া কষ্টসাধ্য হয়ে উঠলেও কুমিল্লার মুরাদনগরে তিন ফসলি কৃষিজমি রক্ষায় ও অবৈধ ড্রেজার বন্ধে রবিবার দিনব্যাপী ভ্রাম্যমান আদালতের মাধ্যমে অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন।
সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নাজমুল হুদার নেতৃত্বে ভ্রাম্যমান আদালত উপজেলার রামচন্দ্রপুর দক্ষিন ইউনিয়নের দড়িকান্দি ও নবীপুর পূর্ব ইউনিয়নের গুঞ্জর গ্রামে অভিযান চালিয়ে চারটি অবৈধ ড্রেজার মেশিন জব্দ করা হয়। অবৈধ ড্রেজার ব্যবসায়ীদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করা হয়।
জানা যায়, উপজেলার রামচন্দ্রপুর দক্ষিন ইউনিয়নের দড়িকান্দি গ্রামে আমির হোসেন নামের ব্যাক্তি অবৈধভাবে নদীতে ড্রেজার বসিয়ে মাটি উত্তোলন করছে এবং উপজেলার গুঞ্জর গ্রামে মোয়াজ্জেম হোসেন ও লিল মিয়া নামের দুই অসাধু ব্যবসায়ী ৩ফসলী জমিতে ড্রেজার বসিয়ে মাটি উত্তোলনের মাধ্যমে ফসলি জমি নষ্ট করছে এমন অভিযোগের ভিত্তিতে তীব্র তাবদাহকে তোয়াক্কা না করেও দিনব্যাপী অভিযান পরিচালনার মাধ্যমে ৪টি ড্রেজার মেশিন জব্দ করা হয়।
সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নাজমুল হুদা বলেন আমাদের দেশ কৃষি প্রধান দেশ, এই কৃষিপ্রধান দেশে যে কোন মূল্যে কৃষি জমি রক্ষা করতে হবে। মুরাদনগরে ৩ফসলি কৃষি জমি রক্ষায় এবং অসাধু ড্রেজার ব্যবসায়ী চক্রকে নির্মূল করার লক্ষ্যে উপজেলা প্রশাসন সর্বদা তৎপর রয়েছে।


