জেলা প্রতিবেদকঃ কুমিল্লার মুরাদনগর উপজেলায় প্রথম করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হওয়া ব্যক্তির (৩৬) মৃত্যু হয়েছে। করোনা শনাক্ত হওয়ার প্রায় এক মাস পর গতকাল শনিবার দুপুরে তিনি নিজ বাড়িতে মারা যান। তাঁর বাড়ি উপজেলার রামচন্দ্রপুর ইউনিয়নে।
আজ রোববার সকালে মুরাদনগর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোহাম্মদ নাজমুল আলম বিষয়টি নিশ্চিত করেন।
স্বাস্থ্য কর্মকর্তা নাজমুল আলম বলেন, গত ২১ এপ্রিল ওই ব্যক্তির করোনা শনাক্ত হয়। এরপর তাঁর পরিবারের আরও চারজনের নমুনা সংগ্রহ করা হয়। তাঁদেরও করোনা পজিটিভ আসে। পরবর্তীতে দুইটি প্রতিবেদনে করোনা প্রতিবেদন নেগেটিভ আসে। তাঁকে সুস্থ ধরেই চিকিৎসা চলছিল। এরই মধ্যে খবর পাওয়া যায় তাঁর মূত্রনালি সরু হয়ে গেছে। তিনি প্রচুর পরিমাণে পানি ও ডাবের পানি খেতেন।
নাজমুল আলম আরও বলেন, শনিবার তাঁর অসুস্থতার খবর পেয়ে প্রথমে গ্রামের বাড়িতে চিকিৎসক পাঠানো হয়। এরপর অ্যাম্বুলেন্সও পাঠানো হয়। কিন্তু চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা শেষ চেষ্টা করেও তাঁকে বাঁচাতে পারেননি। মুরাদনগরের প্রথম তাঁর করোনাভাইরাস শনাক্ত হয়েছিল।
Lifebuoy Soap
এ নিয়ে মুরাদনগর উপজেলায় করোনায় আক্রান্ত হয়ে মারা গেলেন দুজন। এর আগে গত ১১ মে উপজেলার নগরকান্দি গ্রামে এক যুবকের মৃত্যু হয়। কুমিল্লা জেলায় এ পর্যন্ত ১২ জন মারা গেছেন। এর মধ্যে দেবীদ্বারে এক নারীসহ নয়জন, মুরাদনগরে দুজন ও চান্দিনায় একজন মারা গেছেন।


