মেঘনায় কার্গো জাহাজ ডুবি, ৯ আরোহী উদ্ধার

জাহাজ

বরিশালের হিজলা উপজেলা সংলগ্ন মেঘনা নদীতে সিমেন্ট বোঝাই এমভি ফারহানা মোনায়েম নামে একটি কার্গো জাহাজ ডুবে গেছে। এ সময় জাহাজ থেকে জীবিত ৯ জনকে উদ্ধার করা হয়েছে।

শনিবার (১৮ জুলাই) বিকেল ৩টার দিকে হিজলা উপজেলার মিয়ারচর নামক স্থান অতিক্রমের সময় এম. ভি ফারহানা মোনেম নামের ওই জাহাজটি ডুবে যায়।

তবে এতে কোন হতাহতের ঘটনা ঘটেনি বলে জানিয়েছেন বিআইডব্লিউটিএ’র বন্দর ও পরিবহন বিভাগের যুগ্ম পরিচালক আজমল হুদা মিঠু সরকার।

জাহাজের ক্যাপ্টেন শামছুদ্দিন জানান, সকালে ১৩ হাজার বস্তা শাহ সিমেন্ট নিয়ে নারায়ণগঞ্জ থেকে যশোরের নওয়াপাড়ার উদ্দেশে রওয়ানা দেন তারা। হিজলার মিয়ারচর নামক স্থান অতিক্রমের সময় প্রচণ্ড ঢেউ ও স্রোতের মাঝে পড়ে জাহাজটি। এ সময় জাহাজটির একটি অংশ চরে উঠে যায় এবং পরে জাহাজটি সিমেন্টসহ তলিয়ে যায়।

ঘটনাস্থলে থাকা হিজলা নৌ-পুলিশ ফাঁড়ির সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. মামুন জানান, কার্গো জাহাজের মাস্টার, সুকানিসহ ৯ জন স্টাফকে নদীতে থাকা মাছ ধরা ট্রলারে জেলেদের সহায়তায় উদ্ধার করা হয়েছে। উদ্ধার হওয়া শ্রমিক-কর্মচারীরা বর্তমানে মেঘনা নদীর তীরে অবস্থান করছেন। তারা নিরাপদে আছেন। তবে জাহাজ ডুবিতে হতাহতের কোনো ঘটনা না ঘটলেও মালামাল সব ডুবে গেছে। বিষয়টি বিআইডব্লিউটিএ’র কর্মকর্তাদের জানানো হয়েছে।