মেয়র নাছিরের হাতে ২ হাজার পিপিই দিলো এস আলম গ্রুপ

জ্যেষ্ঠ প্রতিবেদকঃ করোনাভাইরাস প্রতিরোধযুদ্ধে সামনের সারিতে থাকা চিকিৎসকদের জন্য চীন থেকে আমদানি করা ২ হাজার পারসোনাল প্রটেকটিভ ইকুইপমেন্ট (পিপিই) দিয়েছে এস আলম গ্রুপ।
রোববার (১২ এপ্রিল) দুপুর ১২টায় টাইগারপাসে চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) কার্যালয়ে মেয়র আ জ ম নাছির উদ্দীনের হাতে পিপিই তুলে দেন এস আলম গ্রুপের চেয়ারম্যান সাইফুল আলম মাসুদের একান্ত সচিব মো. আকিজ উদ্দিন।
এ সময় চসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. সামসুদ্দোহা, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. সেলিম আকতার চৌধুরী, মেয়রের একান্ত সচিব মোহাম্মদ আবুল হাশেম প্রমুখ উপস্থিত ছিলেন।
মেয়র পিপিই গ্রহণকালে বলেন, এস আলম গ্রুপে সবসময় জনগণের কল্যাণে কাজ করে। করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের চিকিৎসার জন্য সামনের সারিতে থেকে যুদ্ধরত এবং সাধারণ রোগীদের চিকিৎসাসেবা নিশ্চিতে নিয়োজিত চট্টগ্রাম সিটি করপোরেশনের বিভিন্ন হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রের চিকিৎসক নার্সদের জন্য উন্নতমানের পিপিই আমদানি করেছে প্রতিষ্ঠানটি। যা অত্যন্ত প্রশংসার দাবি রাখে। আশাকরি, আগামী দিনগুলোতেও এস আলম গ্রুপের সহযোগিতা অব্যাহত থাকবে।
আকিজ উদ্দিন বলেন, করোনাভাইরাস প্রতিরোধ যুদ্ধে চিকিৎসকরা আন্তরিকভাবে পেশাগত দায়িত্ব পালন করছেন। তাদের সুরক্ষার জন্য এস আলম গ্রুপের চেয়ারম্যান মহোদয়ের নির্দেশে চীন থেকে আমদানি করা উন্নতমানের পিপিই দিচ্ছি আমরা। ঝুঁকি বিবেচনায় প্রয়োজনে আরও পিপিই দেওয়া হবে।
তিনি জানান, ইতিমধ্যে জেলা প্রশাসক মো. ইলিয়াস হোসেনকে উপজেলা পর্যায়ের চিকিৎসকদের জন্য ২ হাজার, চট্টগ্রামের ঝুঁকিপূর্ণ দায়িত্বে থাকা সাংবাদিকদের ২০০, বাংলাদেশ মেডিক্যাল অ্যাসোসিয়েশনের (বিএমএ) চিকিৎসকদের জন্য ৫০০ এবং চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) কমিশনার মো. মাহাবুবর রহমানের হাতে ২ হাজার পিপিই দিয়েছে এস আলম গ্রুপ।