মোরেলগঞ্জ(বাগেরহাট) প্রতিনিধি ঃ বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. কামরুজ্জামান মঙ্গলবার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শন করেন। পরিদর্শনকালে এসব শিক্ষা প্রতিষ্ঠানের নানা অনিয়ম ও অসঙ্গতি দেখে চরম অসন্তোষ প্রকাশ করেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. কামরুজ্জামান জানান, সকালে তিনি সদর ইউনিয়নের বিবি আফসার আলী মাধ্যমিক বিদ্যালয়, চৌদ্দঘর বাদুরতলা ফকিরবাড়ি দাখিল মাদ্রাসা ও সি বাদুরতলা সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেন। তিনি বিবি আফসার আলী মাধ্যমিক বিদ্যালয়ের দুই শিক্ষক মিলি রানী রায় ও পরিতোষ কুমার মজুমদারের ক্লাশে পাঠদানে অদক্ষতার কারনে ম্যানেজিং কমিটির রেজুলেশনে তাদের বরখাস্তের সুপারিশ করে কপি সংশ্লিষ্ট দপ্তরে প্রেরন করার জন্য প্রধান শিক্ষকে নির্দেশ প্রদান করেন।
একইদিনে তিনি সি বাদুরতলা সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনকালে সহকারী শিক্ষিকা ছন্দা রানী মন্ডলকে অনুপস্থিত পান। এলাকাবাসি জানান, ছন্দা রানী মন্ডলের স্বামী সহকারী শিক্ষক উৎপল হালদার উপজেলা শিক্ষা অফিসের বিভিন্ন কাজে নিয়মতি প্রক্সি দেয়ার কারনে দুজনেই কোন ক্লাশ করেননা। তাদের তারিখবিহীন ছুটির আবেদন সবসময় প্রধান শিক্ষকের টেবিলে থাকে।
এছাড়াও তিনি সাড়ে ১২ টার দিকে চৌদ্দঘর বাদুরতলা ফকিরবাড়ি দাখিল মাদ্রাসা পরিদর্শন করেন। এসময় মাদ্রাসার অধিকাংশ শিক্ষক রৌদ্রে শীত নিবারনে ব্যস্ত ছিলেন। শিক্ষার্থীর সংখ্যাও ছিল হাতে গোনা। হাজিরা খাতা ফাঁকা। যার কারনে তিনি শিক্ষক ও ছাত্র হাজিরা খাতা জব্দ করে নিয়ে আসেন । তিনি তাদের এ অনিয়মে চরম অসন্তোষ প্রকাশ করেন।
এ ব্যাপারে সংশ্লিষ্ট ক্লাষ্টারের সহকারী শিক্ষা অফিসার শর্মিষ্ঠা মন্ডল জানান, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. কামরুজ্জামান স্যার বিষয়টি আমাকে অবহিত করেন, পরবর্তীতে উক্ত শিক্ষিকা ছন্দা রানী মন্ডলকে কারন দর্শানোর নোটিশ প্রদান করি।
এ ব্যাপারে মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো: আব্দুল হান্নান জানান, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. কামরুজ্জামান এর নির্দেশ মোতাবেক উক্ত মাদ্রাসার শিক্ষকের বিরুদ্ধে আইন আনুগ ব্যবস্থা গ্রহন করা হয়েছে।


