বাগেরহাট : জেলার মোড়েলগঞ্জে ধানকাটাকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষে দুজন নিহত ও নারীসহ অন্তত ছয়জন আহত হয়েছেন।
শুক্রবার সকালে উপজেলার পুঁটিখালি ইউনিয়নের সোনাখালি গ্রামে এই ঘটনা ঘটে। ঘটনার খবর পেয়ে বাগেরহাটের পুলিশ সুপার পংকজ চন্দ্র রায় ঘটনাস্থলের উদ্দেশে রওয়ানা হয়েছেন।
নিহতরা হলেন মোড়েলগঞ্জ উপজেলার চালিতাবাড়ি গ্রামের তোরাব শেখের ছেলে ইব্রাহিম শেখ (৪৮) ও একই গ্রামের শাহজাহান শেখের ছেলে পলাশ শেখ (৩২)।
আহতরা হলেন কবির শেখ, মজিবর শেখ, হেমায়েত খান, জাহিদ শেখ, শিউলী ও নাজমা। এদের মধ্যে প্রথম দুজনকে আশঙ্কাজনক অবস্থায় খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অন্য চারজনকে মোড়েলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. কামাল হোসেন মুফতি এই প্রতিবেদককে বলেন, ‘ইব্রাহিম শেখ ও পলাশ শেখকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়। এ দুজনের শরীরে ধারালো অস্ত্রের কোপ রয়েছে। অতিরিক্ত রক্তক্ষরণে তাদের মৃত্যু হয়। অন্যদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য খুলনায় পাঠানো হয়েছে।’
স্থানীয় সূত্রে জানা যায়, সোনাখালি গ্রামের আব্দুর রহিম খানের সঙ্গে প্রতিবেশী শহীদুল খানের এক বিঘা জমি নিয়ে বিরোধ চলছিল। ওই বিরোধপূর্ণ জমিতে চলতি আমন মৌসুমে রহিম খান আমনের চাষ করে। শুক্রবার সকাল ৮টার দিকে প্রতিপক্ষ শহীদুল খান ১২/১৪ জন শ্রমিক নিয়ে ধান কাটতে যায়। এ সময় রহিম খানের লোকজন ধান কাটার খবর পেয়ে তাদের বাধা দিতে যায়। এতে দুপক্ষের মধ্যে সংঘর্ষ বেধে যায়। সংঘর্ষে রহিম খানের সমর্থক দুইজন নিহত হন।
পুঁটিখালি ইউপি চেয়ারম্যান মো. শাহচান মিয়া শামীম বলেন, ‘জমি নিয়ে রহিম ও শহীদুল খানের মধ্যে বিরোধ চলছিল। এই বিরোধ নিয়ে বসার কথা ছিল। কিন্তু তারা কেন, কার উস্কানিতে মারামারিতে জড়িয়ে পড়ল তা বুঝতে পারছি না।’
বাগেরহাটের পুলিশ সুপার পংকজ চন্দ্র রায় এই প্রতিবেদককে বলেন, ‘ধান কাটাকে কেন্দ্র করে সংঘর্ষে দুজনের প্রাণহানির ব্যাপারে পুলিশ নিশ্চিত হয়েছে। তবে ঘটনার বিস্তারিত জানতে ঘটনাস্থলে যাচ্ছি, সেখানে না গিয়ে কিছুই বলা যাবে না।’


