ময়মনসিংহে নিখোঁজের চার দিন পর গুলিবিদ্ধ এক মাদক ব্যবসায়ীর লাশ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক, ময়মনসিংহ : আজ বুধবার ভোর সাড়ে ৪টার দিকে গফরগাঁও থানা পুলিশ লাশ উদ্ধার করে। এ সময় নিহত মানিক মিয়ার (৩২) প্যান্টের পকেটে ৪৯ পিস ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়। ঘটনাস্থল থেকে পুলিশ দুটি চাপাতি ও একটি গুলির খোসা উদ্ধার করেছে। নিহত মানিক মিয়ার বাড়ি উপজেলার চরমছলন্দ জিরাতি পাড়া গ্রামে। তিনি মতিউর রহমান জগতের ছেলে। গফরগাঁও থানার ওসি আব্দুল আহাদ খান খবরের সত্যতা নিশ্চিত করে জানান, মানিক মিয়া উপজেলার শীর্ষ মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে গফরগাঁও থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একাধিক মামলা আছে।

তিনি বলেন, মাদক অথবা মাদকের টাকা ভাগাভাগির সময় মাদক ব্যবসায়ীদের মধ্যে গোলাগুলির ঘটনায় মানিক নিহত হতে পারে বলে পুলিশের ধারণা।

স্থানীয়রা জানায়, সাহরির সময় তারা গুলির শব্দ শুনেছেন। ভোরে লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেওয়া হলে পুলিশ এসে লাশ উদ্ধার করে নিয়ে যায়। নিহতের পরিবারর দাবি, গত রোববার থেকে নিখোঁজ ছিল মানিক মিয়া। বিভিন্ন স্থানে খোঁজ করে তার সন্ধান পাওয়া যায়নি।