মাহবুব রহমানঃ গতকাল রোববার (৯ ডিসেম্বর) ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির সদস্য ও সাবেক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবদুল হামিদকে ডিবি পুলিশ আটক করেছে। পুলিশ জানিয়েছে, তাঁর বিরুদ্ধে বেশ কিছু অভিযোগ রয়েছে।
গফরগাঁও উপজেলার ১১ নম্বর লংগাইর ইউনিয়ন পরিষদের দুবারের সাবেক চেয়ারম্যান আবদুল হামিদের ছোট ভাই ঠিকাদার ফরিদ উদ্দিন বলেন, রোববার বিকেল সাড়ে ৪টার উপজেলার চারবাড়ীয়া বাজার এলাকা থেকে ডিবি পুলিশ পরিচয়ে আমার ভাইকে তুলে নেওয়া হয়েছে। একটি কালো রঙের হাইয়েস মাইক্রোবাসে করে তাঁকে উঠিয়ে নিয়ে যাওয়া হয়।
তবে যোগাযোগ করা হলেও ডিবি পুলিশ এ বিষয়ে কোনো তথ্য দিচ্ছে না বলেও অভিযোগ করেন ফরিদ উদ্দিন। তিনি আরো জানান, আবদুল হামিদ উপজেলা বিএনপির জ্যেষ্ঠ এবং (পাগলা থানা স্থগিত কমিটির সাধারন সম্পাদক) সহসভাপতির দায়িত্বও পালন করছেন।
তবে আজ সকালে আবদুল হামিদকে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন জেলা ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ কামাল আকন্দ।


