‘যদির’ উপর টিকে আছে সিলেটের ভাগ্যঃ নাসির

ক্রীড়া প্রতিবেদক : টুর্নামেন্টে প্রথম তিন ম্যাচ জিতে বিপিএল জমিয়ে তুলে সিলেট সিক্সার্স। দুই বিগ বাজেটের দল ঢাকা ও কুমিল্লাকে হারিয়ে শুরুতেই চমকে দেয় সিলেট।

নাসির, সাব্বির, সোহানদের হাল্কাভাবে নিয়ে ম্যাচ হেরে বসে সাকিব ও তামিমের দল। পরবর্তীতে বিপিএলের গতবারের রানার্সআপ রাজশাহী কিংসকেও হারিয়ে দেয় সিলেট। ঘরের মাঠে তিন ম্যাচ জিতে উড়ছিল সিলেট। ঘরের মাঠে শেষ ম্যাচে তাদের প্রতিপক্ষ ছিল খুলনা টাইটান্স। বড় দলগুলোকে মাটিতে নামিয়ে আনলেও শেষটা রাঙাতে পারেননি নাসিরের দল। খুলনার কাছে হেরে প্রথম হারের স্বাদ পায় বিপিএলের নবাগত দলটি।

সিলেটে প্রথম হারের পর নাসিরের দল পরবর্তীতে ম্যাচে জিততে পারেননি। ঢাকা নিজেদের মাটিতে প্রতিশোধ নেয় বড় ব্যবধানে। এরপর তাদের ও খুলনার ম্যাচটি বৃষ্টিতে পরিত্যক্ত হয়। পরবর্তীতে টানা পাঁচ ম্যাচ হার! ম্যাচ হারলেও সিলেট লড়াই করেছে, গড়েছে প্রতিদ্বন্দ্বীতা।

আজ নিজেদের ১১তম ম্যাচে রেকর্ড গড়ে চিটাগংকে হারায় সিলেট। ৪ জয়ে ৯ পয়েন্ট নিয়ে সিলেটের শেষ চারের আশা এখনও টিকে আছে। শেষ ম্যাচে তাদের প্রতিপক্ষ কুমিল্লা। কুমিল্লা এরই মধ্যে প্লে’অফ নিশ্চিত করেছে। শেষ ম্যাচে কুমিল্লাকে হারাতে পারলে এবং রংপুর রাইডার্স তাদের অবশিষ্ট ২ ম্যাচ হারলে সিলেটের শেষ চার নিশ্চিত।

‘কিন্তু’, ‘যদির’ উপর টিকে আছে সিলেটের ভাগ্য। শেষ ম্যাচের পর সিলেট সিক্সার্সের ভাগ্যে কি আছে তা সময়ই বলে দিবে। তবে নিজেদের পারফরম্যান্স এবং বিপিএলের পুরো সফর নিয়ে দলের অধিনায়ক নাসির বেশ সন্তুষ্ট।

ম্যাচ শেষে নাসির পুরস্কার বিতরণী মঞ্চে বলেন,‘আমরা টানা পাঁচটি ম্যাচ হারের পর আজ জয় পেলাম। দল আজ যেভাবে খেলেছে তাতে আমি গর্বিত। অধিনায়ক হিসেবে আমি বেশ খুশি। আশা করছি সামনের ম্যাচেও একই পারফরম্যান্স অব্যাহত থাকবে। আমরা যে পাঁচটি ম্যাচ হেরেছি প্রায় প্রতিটি বেশ ক্লোজ ছিল। আমরা জানি, আমরা টুর্নামেন্টে খুব বাজে খেলিনি।’

সামনে থেকে নেতৃত্ব দিয়ে নাসির সিলেটকে জিতিয়েছেন। ৩১ রানে নিয়েছেন ৫ উইকেট। প্রথম ওভারে লুক রনকি ও সৌম্য সরকারকে ফিরিয়ে চিটাগংকে শুরুতেই চাপে ফেলেন। পরবর্তী তিন ওভারে নেন রিচ, তানবীর ও স্টিয়ান ফন জিলের উইকেট। প্রথমবারের মতো পাঁচ উইকেট নিলেও ইনিংসের প্রথম বলে ছক্কা হজম করেছিলেন। সঞ্চালকের এক প্রশ্নের জবাবে হাসিমুখে নাসির বলেন,‘আমি মনে করিনা প্রথম বলটি আমি খুব বাজে করিছিলাম। ভাবতে পারিনি যে প্রথম বলটি ও (লুক রনকি) ছক্কা মারবে। পরের বলটিতে আমি গতি কমিয়ে দিয়েছিলাম। এবং উইকেট পেয়েছি।’

ব্যাট-বলে হাতে নাসির দলের হয়ে অবদান রাখছেন শুরু থেকেই। বল হাতে ২১৩ রানে নিয়েছেন ১১ উইকেট। ব্যাট হাতে ৭ ইনিংসে করেছেন ১৪৬ রান।