যশোরের করোনা আক্রান্ত স্বাস্থ্যকর্মীর চিকিৎসা শুরু

জেলা প্রতিবেদকঃ যশোরের মণিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের করোনা আক্রান্ত সেই স্বাস্থ্যকর্মীকে শ্বশুর বাড়িতে রেখেই চিকিৎসা কর্যক্রম শুরু হয়েছে।
রোববার (১২ এপ্রিল) সন্ধ্যায় যশোরের সিভিল সার্জন ডা. শেখ আবু শাহীনের নেতৃত্বে একটি মেডিকেল টিম ওই স্বাস্থ্যকর্মীর কেশবপুর এলাকার শ্বশুরবাড়িতে যান। চিকিৎসকরা ব্যবস্থাপত্র দিয়ে তাকে ওই বাড়িতে আইসোলেশনে রেখে গেছেন।
মণিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আহসান উল্লাহ শরিফী এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি ছাড়াও কেশবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা নুসরাত জাহান, কেশবপুর থানার ওসি জসীম উদ্দিন, মণিরামপুর থানার ওসি রফিকুল ইসলামসহ সেনাসদস্যরা এসময় উপস্থিত ছিলেন।
মণিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আহসান উল্লাহ শরিফী বলেন, ওই স্বাস্থ্যকর্মীর বয়স কম (৩৩) হওয়ায় চিকিৎসকরা তাকে বাড়িতে রেখেই চিকিৎসা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। ওই স্বাস্থ্যকর্মী গত বুধবার পর্যন্ত মণিরামপুর শহরের কামালপুরের ভাড়া বাসায় ছিলেন। সেখান থেকে বৃহস্পতিবার শ্বশুরবাড়ি যান। তিনি শ্বশুরবাড়িতে নিজ থেকেই আলাদাভাবে থাকছেন।
ইউএনও বলেন, তিনি যে বাড়িতে থাকছেন সেই বাড়ি, তার শহরের বাসা ও মশ্মিমনগর ইউনিয়নের হাজরাকাঠি গ্রামের বাড়িতে বাড়তি নজরদারি রাখা হয়েছে।
মশ্মিমনগর ইউপি চেয়ারম্যান আবুল হোসেন বলেন, ‘বিকেলে ইউএনও স্যারের সাথে কথা হয়েছে। ওই স্বাস্থ্যকর্মীর নিজের বাড়িসহ আশপাশের ৪-৫টা বাড়ি এবং হাজরাকাঠি বাজার কার্যত লকডাউন করা হয়েছে।’
এছাড়া ওই স্বাস্থ্যকর্মীর শ্বশুরবাড়ি মণিরামপুর ও কেশবপুর উপজেলার সীমান্তবর্তী আমিননগর গ্রামে হওয়ায় মুজগুন্নি ও আমিননগর -এই দুই গ্রামের প্রায় একশ বাড়ি কার্যত অবরুদ্ধ করা হয়েছে। যদিও, উপজেলা প্রশাসন বিষয়টিকে ‘লকডাউন’ বলছে না।
যশোরের সিভিল সার্জন শেখ আবু শাহীন বলেন, আমরা ওই স্বাস্থ্যকর্মীর বর্তমানে অবস্থান করা বাড়িতে গেছি। তাকে ব্যবস্থাপত্র দেওয়া হয়েছে। সেখানে বাড়িতে রেখেই তার চিকিৎসা চলবে।’
আক্রান্ত স্বাস্থ্যকর্মী এর আগে কোনো করোনা রোগীর সংস্পর্শে গেছেন কিনা -এমন প্রশ্নে সিভিল সার্জন বলেন, ‘আমরা এখন পর্যন্ত তেমন কোনো তথ্য পাইনি।’
এছাড়া অপর এক প্রশ্নে মণিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এখনই লকডাউন করার কোনো সিদ্ধান্ত নেই বলে জানান জেলার এই শীর্ষ স্বাস্থ্য কর্মকর্তা।
এর আগে, মণিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এক স্বাস্থ্য সহকারী (ফিল্ডে কর্মরত) জ্বরে আক্রান্ত হলে যশোরের সিভিল সার্জন অফিসের মাধ্যমে গত ৮ এপ্রিল তার নমুনা সংগ্রহ করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের পরীক্ষাগারে পাঠানো হয়। পরীক্ষা-নিরীক্ষা শেষে রোববার ওই স্বাস্থ্যকর্মী করোনা আক্রান্ত বলে জানানো হয়। এরপর এই খবরে আতঙ্ক ছড়িয়ে পড়ে মণিরামপুরে।
যশোরের জেলা প্রশাসক শফিউল আরিফ বলেন, করোনা আক্রান্ত রোগীর গ্রামে সর্বোচ্চ নজরদারিতে আনা হয়েছে। আপাতত উনি (আক্রান্ত) সুস্থ্ আছেন। তার চিকিৎসা শুরু হয়েছে।