নিজস্ব প্রতিবেদক, যশোর : যশোরে এক নারীকে ধর্ষণের পর হত্যার অভিযোগে আটক ইরাদ আলি নামের এক যুবক গণপিটুনিতে নিহত হয়েছে। সোমবার সন্ধ্যায় স্থানীয় জনগণ গণপিটুনি দিয়ে ইরাদকে পুলিশের হাতে সোপর্দ করে। বিক্ষুদ্ধ জনতা তার বাড়িঘর ভাঙচুর করে অগ্নিসংযোগও করে। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়। পুলিশ জানায়, সোমবার দুপুরে সদর উপজেলার জগন্নাথপুর গ্রামের মতলব খানের স্ত্রী মেহেরুন্নেছাকে ভাত রান্না করে দেওয়ার কথা বলে নিজ বাড়িতে নিয়ে যায় ইরাদ। এরপর থেকে মেহেরুন্নেছা নিখোঁজ ছিলেন। সন্ধ্যায় স্থানীয় জনগণ ইরাদকে আটক করে গণপিটুনি দেয়। পরে সে মেহেরুন্নেছাকে ধর্ষণের পর হত্যার কথা স্বীকার করে। তার স্বীকারোক্তিতে সন্ধ্যায় ইরাদের রান্নাঘর থেকে মেহেরুন্নেছার বস্তাবন্দি লাশ উদ্ধার করে পুলিশকে খবর দেয় স্থানীয়রা। রাতেই পুলিশ ইরাদকে হেফাজতে নিয়ে স্থানীয় হাসপাতালে চিকিৎসা সেবা দেয়। পরে চিকিৎসাধীন অবস্থায় ইরাদের মৃত্যু হয়। নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠায় পুলিশ।


