জেলা প্রতিবেদকঃ যশোর সদর উপজেলায় করোনা পরিস্থিতিতে ‘লকডাউনের’ মুখে সরকারি ত্রাণ না পাওওায় সড়ক অবরোধ করে বিক্ষোভ জানিয়েছেন এলাকার উপার্জনহীন মানুষ। এসময় নিজেদের দুর্দশার কথা তুলে ধরে দ্রুত ত্রাণ সহায়তদার দাবি জানান তারা।
বুধবার (১৫ এপ্রিল) দুপুরে উপজেলার পুলেরহাট এলাকায় প্রায় ২ ঘণ্টাব্যাপী সড়ক অবরোধ করে ওই বিক্ষোভ চলে।
ভুক্তভোগীরা জানান, কয়েক দিন আগে চাঁচড়া ইউনিয়ন থেকে এই এলাকায় কিছু মানুষের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করেন চেয়ারম্যান। কিন্তু এরপর থেকে আর কোনো খবর নেই। শুনেছি তারা পরিচিত মানুষের মধ্যে ত্রাণ বিতরণ করছে। সরকারের ত্রাণ যদি মুখ চিনে দেয়, তাহলে আমাদের মতো গরীব মানুষ কোথায় যাবে?
বিক্ষোভে অংশ নেওয়া অটোরিকশা চালক কাউয়ুম সরদার বলেন, নিজেরা বাঁচতে সরকারের কথামতো কাজকর্ম ছেড়ে দিয়ে বাড়িতে থাকছি। ঘরের খাবার শেষ হয়ে গেছে। কিন্তু যাদের ভোট দেই, তারা কোনো খোঁজ রাখছে না। তাই পেট বাঁচাতে রাস্তায় নামতে বাধ্য হয়েছি।
মুখ চিনে ত্রাণ দেওয়ার অভিযোগের ব্যাপারে চাঁচড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল আজিজ বিশ্বাসের কাছে জানতে চাইলে তিনি বলেন, আমরা সরকারিভাবে যে ত্রাণ পাচ্ছি পর্যায়ক্রমে সবার মধ্যে বিতরণ করছি। বিক্ষোভকারীরা সবাই একসঙ্গে ত্রাণ চায়, যা সম্ভব নয়। যাদের জাতীয় পরিচয়পত্র জমা নেওয়া হয়েছে তাদের সবাইকে পর্যায়ক্রমে ত্রাণসাহায্য দেওয়া হবে। ইউনিয়ন পরিষদে এখন পর্যন্ত ৪শ’ পরিবারের মধ্যে খাদ্যসহায়তা দেওয়া হয়েছে। তবে কিছু মানুষের ইন্ধনে তারা বিক্ষোভ করছে। বরাদ্দ কম থাকায় এই মুহূর্তে সবাইকে ত্রাণ দেওয়া সম্ভব হচ্ছে না।
এদিকে দুই ঘণ্টাব্যাপী ত্রাণের জন্য সড়ক অবরোধ ও বিক্ষোভের খবর পেয়ে এক পর্যায়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেওয়ার চেষ্টা করে, কিন্তু ব্যর্থ হয়। পরে উপজেলা নির্বাহী অফিসার মো. কামরুজ্জামান ঘটনাস্থলে গিয়ে দরিদ্রদের তালিকা করে বাড়িতে খাদ্যসহায়তা পৌঁছে দেওয়ার আশ্বাস দিলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার বলেন, প্রায় দুই ঘণ্টা ধরে বিক্ষোভ চলতে থাকলে খবর পেয়ে প্রথমে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেওয়ার চেষ্টা করে। কিন্তু তারা ব্যর্থ হয়। পরে আমি ঘটনাস্থলে গিয়ে মাইকিং করে সবাইকে ঘরে ফিরে যেতে অনুরোধ করি। এরপরও বিক্ষোভকারীরা পিছু না হটলে তালিকা করে খাদ্যসহায়তা পৌঁছে দেওয়ার আশ্বাস দিলে সবাই সড়ক ছেড়ে ঘরে ফিরে যান। পর্যায়ক্রমে বঞ্চিত সবাইকে সরকারি খাদ্য সহায়তা দেওয়া হবে এবং ত্রাণ নিয়ে কেউ কোনো অনিয়ম করলে তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানান এ কর্মকর্তা।


