যশোরে ধান ভেজানোর হাউজ থেকে দুই সন্তানের জননী এক গৃহবধূর লাশ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক, যশোর : যশোরের মণিরামপুরে ধান ভেজানোর হাউজ থেকে আয়রুননেছা (৪৫) নামের দুই সন্তানের জননী এক গৃহবধূর লাশ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় থানা পুলিশ লাশ উদ্ধার করে হেফাজতে নিয়েছে। আয়রুননেছা ওই উপজেলার ঝাঁপা গ্রামের আজিবর রহমানের স্ত্রী। স্থানীয়রা জানান, ঝাঁপা গ্রামে আমেনা বেগম নামের এক বৃদ্ধা মারা যান। সেই খবর দিতে শাহানারা নামের এক নারী আজিবরের বাড়িতে যান। তখন আজিবরের উঠোনে ধান ভেজানোর হাউজে আয়রুননেছাকে পড়ে থাকতে দেখে চিৎকার দেন শাহানারা। পরে আশপাশের লোকজন এসে আয়রুননেছার লাশ উদ্ধার করেন। আয়রুননেছার স্বামী পক্ষের দাবি, পানি আনতে ওই হাউজে গিয়েছিলেন তিনি। তখন হাউজের মধ্যে পড়ে তার মৃত্যু হয়। ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সামছুল হক মন্টু জানান, ধারণা করা হচ্ছে, পারিবারিক কলহে ওই গৃহবধূকে শ্বাসরোধে হত্যা করে লাশ হাউজে ফেলে রেখেছেন তার স্বামী। এদিকে, খবর পেয়ে বৃহস্পতিবার সন্ধ্যায় ঘটনাস্থলে যান থানার সেকেন্ড অফিসার এসআই তোবারক আলী। তিনি বলেন, ‘আয়রুননেছার মৃত্যু স্বাভাবিক মনে হচ্ছে না। তার গলা ও কপালে আঘাতের চিহ্ন রয়েছে। লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হবে।’