যশোরে শোক ও শ্রদ্ধায় সাংবাদিক রেবা রহমানকে চিরবিদায়

যশোর জেলা প্রতিনিধি।।যশোরের সাংবাদিকরা শোক ও শ্রদ্ধায় শেষ বিদায় দিয়েছেন সাংবাদিক রেবা রহমানকে। রোববার দুপুরে প্রেসক্লাব যশোরে সাংবাদিকসহ সামাজিক, রাজনৈতিক দলের নেতৃবৃন্দও তাকে শ্রদ্ধা জানান। জোহরবাদ জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়েছে।
দৈনিক ইনকিলাবের স্টাফ রিপোর্টার ও প্রেসক্লাব যশোরের সাবেক সভাপতি মিজানুর রহমান তোতার স্ত্রী রেবা রহমান শনিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে যশোর জেনারেল হাসপাতালের করোনারী কেয়ার ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। তার মরদেহ রোববার বেলা ১১টায় প্রেসক্লাব যশোরে আনা হয়। এসময় তাকে শেষ শ্রদ্ধা জানান প্রেসক্লাব যশোর, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন, পুলিশ সুপার যশোর, যশোর সংবাদপত্র পরিষদ, যশোর সাংবাদিক ইউনিয়ন, সাংবাদিক ইউনিয়ন যশোর, বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন যশোর, যশোর হকার্স ইউনিয়ন, দৈনিক কল্যাণ, দৈনিক গ্রামের কাগজ, দৈনিক সমাজের কাগজ, দৈনিক সমাজের কথা, দৈনিক স্পন্দন, দৈনিক প্রজন্মের ভাবনা, দৈনিক সত্যপাঠ, যশোর জেলা বিএনপি, উপশহর ডিগ্রি কলেজ, জাতীয় গণতান্ত্রিক পার্টিসহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক দলের নেতৃবৃন্দ।
দুপুর ১২টায় তার মরদেহ নিয়ে যাওয়া হয় যশোর শহরতলীর খয়েরতলার বাড়িতে। জোহরবাদ খয়েরতলা জামে মসজিদে মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন সদস্য সদস্য অ্যাড. মনিরুল ইসলাম, যশোর-৩ আসনের সাবেক সংসদ সদস্য খালেদুর রহমান টিটো, যশোর পৌরসভার মেয়র জহিরুল ইসলাম চাকলাদার রেন্টু, যশোর জেনারেল হাসপাতালের তত্বাবধায়ক ডাঃ আবুল কালাম আজাদ, যশোর সংবাদপত্র পরিষদের সভাপতি একরাম-উদ-দৌল্লা, সম্পাদক মবিনুল ইসলাম মবিনসহ যশোরের সাংবাদিক সমাজ জানাজায় অংশ নেন।
জানাজা শেষে সাংবাদিক রেবা রহমানকে খয়েরতলার পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। সাংবাদিক রেবা রহমান প্রেসক্লাব যশোরের সদস্য ও যশোর সাংবাদিক ইউনিয়নের সদস্য ছিলেন। তার মৃত্যুতে প্রেসক্লাব যশোর চারদিনের কর্মসূচি গ্রহন করেছে।