যানজটে পুরোপুরি অচল হয়ে পড়েছে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম: স্মরণকালের ভয়াবহ যানজটে পুরোপুরি অচল হয়ে পড়েছে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক। এক ঘন্টার দূরত্ব পার হতে সময় লাগছে ৭ থেকে ৮ ঘন্টা। অভিযোগ ভূক্তভোগীদের।

ভূক্তভোগীরা জানান, চট্টগ্রাম থেকে ঢাকা পর্যন্ত ৬ ঘন্টার দূরত্ব অতিক্রম করতে সময় লাগছে ১৭ থেকে ২০ ঘন্টা পর্যন্ত। এই অবস্থায় মহাসড়কে চরম দুর্ভোগের মধ্যে রয়েছে হাজার হাজার মানুষ। ফেনীর ফতেহপুর রেলগেইট এলাকায় উন্নয়ন কাজের জন্য এই তীব্র যানজটের সৃষ্টি হয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

গত এক সপ্তাহের বেশি সময় ধরে এই যানজট থাকলেও শুক্রবার থেকে এই জট তীব্র আকার ধারণ করেছে। যানজট ছড়িয়ে পড়েছে ফেনী থেকে চট্টগ্রামের সীতাকুন্ড পর্যন্ত। অপরপ্রান্তে ফেনী থেকে কুমিল্লা পর্যন্ত। চলমান অবস্থায় নারী শিশু কিংবা পরিবার নিয়ে কাউকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক ব্যবহার না করার পরামর্শ দিয়েছেন ভুক্তভোগিরা।

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনীর ফতেহপুর এলাকায় ফ্লাইওভার নির্মাণ কাজের জন্য চারলেনের সড়কে দুই লেন পুরোপুরি বন্ধ করে দেওয়া হয়েছে। এর ফলে একমুখী সড়ক দিয়ে সব যানবাহন চলাচল করছে। কখনো ঢাকামুখী গাড়ি বন্ধ রেখে চট্টগ্রামমুখী গাড়ি, আবার কখনো চট্টগ্রামমুখী গাড়ি বন্ধ রেখে ঢাকামুখী গাড়ি চালানো হচ্ছে। এর ফলে উভয় দিকে যানবাহন জমতে জমতে দীর্ঘ জটের সৃষ্টি হচ্ছে।

চট্টগ্রাম থেকে ঢাকাগামী যাত্রী মইন উদ্দিন আকবর জানান, শুক্রবার রাত সাড়ে ১০ টাকায় চট্টগ্রাম থেকে বাসে ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়ে সকাল ৬টায় মাত্র সীতাকুন্ড পৌঁছেছেন। অথচ চট্টগ্রাম থেকে সীতাকুন্ড পৌঁছাতে সময় লাগে মাত্র ১ ঘন্টা। এই এক ঘন্টার সড়কে সময় লেগেছে ৮ ঘন্টা। একইভাবে চট্টগ্রাম থেকে যেসব নাইট কোচ ঢাকার উদ্দেশ্যে শুক্রবার রাতে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে গেছে এসব গাড়ি সকাল ১০টা পর্যন্ত চট্টগ্রামের মিরসরাইতে আটকে রয়েছে। এখন অবস্থা দাঁড়িয়েছে, হাজার হাজার মানুষের দিন-রাত কেটে যাচ্ছে মহসড়কে। এতে সবচেয়ে দুর্ভোগে রয়েছেন নারী ও শিশুরা।

হানিফ পরিবহনের চট্টগ্রাম কাউন্টারের কর্মকর্তা মোহাম্মদ আলমগীর বলেন, ‘ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক এখন পুরোপুরি অচল। আমাদের সব শিডিউল এখন লন্ডভন্ড। কোন গাড়িই সঠিক সময়ে গন্তব্যে পৌঁছাতে পারছেনা। বেশিরভাগ গাড়িই মহাসড়কে আটকে রয়েছে।’

একই রকম বক্তব্য দিয়েছে গ্রীন লাইন পরিবহনে চালক পারভেজ। তিনি বলেন, ‘চট্টগ্রাম থেকে ঢাকা কিংবা ঢাকা থেকে চট্টগ্রাম, ৬ থেকে ৭ ঘন্টার এই দূরত্ব ১৭/১৮ ঘন্টায়ও অতিক্রম করা যাচ্ছে না। আমাদের দিন রাত কেটে যাচ্ছে মহাসড়কে।’

চট্টগ্রামের সীতাকুন্ড বার আউলিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ আহসান হাবিব বলেন, ‘ফেনীতে মহাসড়কের উন্নয়ন কাজের জন্য তীব্র যানজট সৃষ্টি হয়েছে। এখানে আমরা চেষ্টা করেও কিছু করতে পারছিনা। ফেনীর জট চট্টগ্রাম পর্যন্ত এসে ঠেকেছে। ফেনীতে উভয়মুখী সড়ক সচল না হলে এই অবস্থা থেকে মুক্তি মিলবে না।’

এদিকে ফেনীর ফতেহপুর ফ্লাইওভার নির্মাণ সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, আগামী ১৫ মে’র মধ্যে ফেনীতে উভয়মুখী সড়ক খুলে দেওয়ার জন্য তারা রাতদিন ২৪ ঘন্টা কাজ করছেন। তবে বৃষ্টি কিছুটা প্রতিবন্ধকতা সৃষ্টি করেছে। এর ফলে আরও দুই একদিন সময় বেশি লাগতে পারে।