যানবাহন ট্রেনকে ধাক্কা দিয়ে অঘটন ঘটায়: রেলমন্ত্রী

জেলা প্রতিনিধিঃ রেলমন্ত্রী মো. নুরুল ইসলাম সুজন বলেছেন, ‘ট্রেন কাউকে ধাক্কা দেয় না, বরং বিভিন্ন যানবাহন ট্রেনকে ধাক্কা দিয়ে অঘটন ঘটায়। এর দায়িত্ব রেল কর্তৃপক্ষের নয়।’

সোমবার (১ আগস্ট) বঙ্গবন্ধু শেখ মুজিব ভ্রাম্যমাণ রেল জাদুঘর উদ্বোধনের সময় তিনি এসব কথা বলেন। উদ্বোধন অনুষ্ঠানটি গোপালগঞ্জের রেলস্টেশনে হয়।

অরক্ষিত রেলক্রসিং প্রসঙ্গে মন্ত্রী বলেন, নিরাপদ সড়ক নিশ্চিত করার দায়িত্ব সড়ক বিভাগের, রেল তার নিজস্ব রাস্তায় চলে। সেই ব্রিটিশ আমল থেকে আমাদের প্রায় আড়াই থেকে তিন হাজার রেললাইন করা আছে। সেই লাইনের ওপর যদি নতুন করে সড়ক নেয় এবং দুর্ঘটনা ঘটে সেই দায়ভার কে নেবে। আমাদের সকল নতুন রেললাইনে হয় ওভারপাস, না হয় আন্ডারপাস রয়েছে। যেখানে দুর্ঘটনা ঘটেছে, সবকয়টি পুরোনা রেললাইন। রেলগেটগুলো রাখা হয়েছে শুধুমাত্র রেলের নিরাপত্তার জন্য। অন্য কারও নিরাপত্তার জন্য না।

এই ভ্রাম্যমাণ জাদুঘরে ঐতিহাসিক ছয় দফা, গণঅভ্যুত্থান, একাত্তরের মহান মুক্তিযুদ্ধ, কাঙিক্ষত স্বাধীনতা, যুদ্ধবিধ্বস্ত সদ্য স্বাধীন বাংলাদেশ পুনর্গঠনে গৃহীত বিভিন্ন পদক্ষেপ তুলে ধরা হয়েছে।

অনুষ্ঠানে বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক ডিএন মজুমদার,অতিরিক্ত মহাপরিচালক মঞ্জুরুল আলম, জেলা প্রশাসক শাহিদা সুলতানা, পুলিশ সুপার আয়েশা সিদ্দিকা, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহাবুব আলী খানসহ রেলওয়ে পশ্চিমাঞ্চলের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

একইদিন বিকেল ৫টার দিকে চট্টগ্রাম রেলস্টেশন থেকে ভ্রাম্যমাণ জাদুঘর প্রদর্শনের উদ্বোধন করবেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ।