যান চলাচল বন্ধে সাতক্ষীরার প্রবেশদ্বারে চেকপোস্ট

জেলা প্রতিবেদকঃ করোনা সংক্রমণ রোধে যান ও জনচলাচল বন্ধে সাতক্ষীরা জেলার সব প্রবেশদ্বারসহ আন্তঃউপজেলা প্রবেশ পথে চেকপোস্ট বসিয়ে কঠোর নজরদারি করা হচ্ছে।

চেকপোস্টে জেলার বাইরে থেকে সাতক্ষীরায় আসা-যাওয়া বন্ধ এবং আন্তঃউপজেলা আসা-যাওয়া বন্ধে নির্বাহী ম্যাজিস্ট্রেটদের নেতৃত্বে পুলিশ ও স্বেচ্ছাসেবক বাহিনী সার্বক্ষণিক কাজ করছে।

শুক্রবার (১৫ মে) বেলা ১১টায় জেলা ম্যাজিস্ট্রেট ও জেলা প্রশাসক এসএম মোস্তফা কামাল সাতক্ষীরা সদর উপজেলার প্রবেশমুখ লাবসা বাইপাস মোড়ে প্রশাসনের এই কার্যক্রম পর্যবেক্ষণ করেন।

এ সময় যশোর থেকে আসা কয়েকটি গাড়িকে যশোরে ফেরত পাঠানো হয়। বেনাপোল, সৈয়দপুর ও ঢাকা থেকে পিকআপ যোগে আসা কয়েকজনকে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে পাঠানো হয়।

জেলা প্রশাসক এসএম মোস্তফা কামাল জানান, করোনা সংক্রমণ রোধে আন্তঃজেলা ও জেলার অভ্যন্তরে আন্তঃউপজেলা যান ও জনচলাচল বন্ধের বিকল্প নেই।