যুক্তরাষ্ট্রের কাছে নিষিদ্ধ ক্লাস্টার বোমা চায় ইউক্রেন

যুদ্ধে ব্যবহারের জন্যে মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে নিষিদ্ধ ক্লাস্টার বোমা চেয়েছে ইউক্রেন। নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তার বরাতে এ তথ্য দিয়েছে ফরেন পলিসি বিষয়ক ম্যাগাজিন পলিটিকো।

রাশিয়ার সেনাবাহিনী সূত্রে জানা গেছে, ইউক্রেন ইতোমধ্যে এ ধরনের মারণাস্ত্র ব্যবহার করে অক্টোবরে খেরসন শহরে চার বেসামরিক নাগরিককে হত্যা করেছে। তবে ওয়াশিংটন কিয়েভে ক্লাস্টার বোমা পাঠানোর বিষয়ে এখনই বিবেচনা করছে না বলে জানিয়েছে পলিটিকো।

পলিটিকোর প্রতিবেদনে বলা হয়েছে, ইউক্রেন সেপ্টেম্বরের শেষের দিক থেকে মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে মজুত করা স্নায়ুযুদ্ধের সময়ের অস্ত্রের জন্য অনুরোধ করে আসছে। নাম প্রকাশে অনিচ্ছুক এক মার্কিন কর্মকর্তা জানান, ইউক্রেন যে মারণাস্ত্র চেয়েছে তার মধ্যে ক্লাস্টার বোমাও রয়েছে।

তিনি জানান, এখন পর্যন্ত মার্কিন যুক্তরাষ্ট্র তাদের অনুরোধ বিবেচনা করছে না। তবে তিনি আরও বলেন, এখন বিবেচনা না করলেও ভবিষ্যতেও বিবেচনা করবে না এমনটা বলা যাচ্ছে না। তিনি আরও জানান, এ ধরনের মারণাস্ত্রের ব্যবহারের প্রয়োজন এখনও আসেনি।

এদিকে রাশিয়ার এক সেনা কর্মকর্তা দেশটির সংবাদ মাধ্যম আরটিকে জানান, অক্টোবরের শেষের দিকে কিয়েভের সৈন্যরা খেরসনের দিনিপ্রো নদী পার হওয়ার সময় ক্লাস্টার বোমা ব্যবহার করে একজন সাংবাদিকসহ চারজন বেসামরিক নাগরিককে হত্যা করে।

তিনি জানান, রাশিয়া তদন্ত করে দেখেছে যুক্তরাষ্ট্রের হিমার্স ক্ষেপণাস্ত্র ব্যবস্থার মাধ্যমে ক্লাস্টার বোমা এ হামলা চালানো হয়। এ ক্লাস্টার বোমা সোভিয়েত আমলে তৈরি।