নিজস্ব প্রতিবেদক : পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) এ কে এম শহীদুল হক বলেছেন, শান্তিরক্ষা মিশনে পেশাদারিত্ব বজায় রেখে চলেছে পুলিশ। যুদ্ধবিধ্বস্ত দেশে শান্তিও এনেছে।
মঙ্গলবার রাজধানীতে রাজারবাগ পুলিশ লাইন্সের এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
শহীদ এসআই শিরু মিয়া মিলনায়তনের অনুষ্ঠানে আইজিপি বলেন, ‘বিশ্বের সংঘাতপূর্ণ ও যুদ্ধবিধ্বস্ত বিভিন্ন দেশে শান্তি স্থাপন এবং মানবিক সহায়তা দেওয়ায় বাংলাদেশ পুলিশের ‘ব্লু হেলমেট’ পরিহিত সদস্যদের অনবদ্য অবদান ও গৌরবোজ্জ্বল ভূমিকা রয়েছে। তাদের দক্ষতা, নৈতিকতা ও উঁচুমানের পেশাদারিত্ব বিশ্ববাসীর অকুণ্ঠ সমর্থন ও প্রশংসা অর্জন করেছে। এতে আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশের মর্যাদা ও সম্মান বৃদ্ধি পেয়েছে।’
পুলিশ শান্তিরক্ষীদের দেশের ‘অ্যাম্বাসেডর’ আখ্যায়িত করে আইজিপি বলেন, ‘পুলিশ বাহিনীর সুনাম ও মর্যাদা বাড়াতে আরো কাজ হচ্ছে। পাশাপাশি প্রতিটি কাজে দেশের ভাবমূর্তি রক্ষাকে প্রাধান্য দিতে হবে। একইসঙ্গে এটি যেন অব্যাহতও থাকে।’


