জেলা প্রতিবেদকঃ রংপুরের পীরগঞ্জে কাভার্ডভ্যানের সঙ্গে পিকআপভ্যানের মুখোমুখি সংঘর্ষে এক ব্যক্তি নিহত হয়েছেন। নিহত ব্যক্তি পিকআপভ্যাগের হেলপার ছিলেন বলে জানা গেছে।
মঙ্গলবার (২৮ এপ্রিল) সকাল ৭টার দিকে উপজেলার ধাপেরহাট জিসান ফিলিং স্টেশনের সামনে এ দুর্ঘটনা ঘটে। প্রাথমিকভাবে নিহত ব্যক্তির পরিচয় জানা যায়নি।
পীরগঞ্জ ফায়ার সার্ভিসের ইনর্চাজ রতন চন্দ্র শর্মা জানান, ঢাকা থেকে রংপুরগামী একটি কাভার্ডভ্যান জিসান ফিলিং স্টেশনের সামনে পৌঁছালে সামনের চাকা পাংচার হয়ে যায়। এসময় নিয়ন্ত্রণ হারিয়ে বিপরীত দিক থেকে আসা বগুড়াগামী একটি পিকআপভ্যানকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই পিকআপের হেলপার নিহত হন। গুরুতর আহতাবস্থায় পিকআপ চালক আহাদকে পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তাৎক্ষণিকভাবে হেলপারের পরিচয় জানা যায়নি। মরদেহ গোবিন্দগঞ্জ হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
গোবিন্দগঞ্জ হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনর্চাজ আব্দুল কাদের জিলানী জানান, এখনও হেলপারের নাম ও পরিচয় পাওয়া যায়নি।


