রংপুরে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে এক মাদক ব্যবসায়ী নিহত

নিজস্ব প্রতিবেদক, রংপুর : নিহত মাদক ব্যবসায়ী নাম আবু মুসা ওরফে বিষ কালাই (২৭)। শুক্রবার ভোররাতে নগরীর কুকরুল ফুল আমেরতল তিন রাস্তার মোড়ে এ ঘটনা ঘটে। নিহত আবু মুসা নগরীর হনুমানতলা বস্তি এলাকার আব্দুল কুদ্দুসের ছেলে। পুলিশ ঘটনাস্থল থেকে একটি দেশীয় পিস্তল, ১৭৭ পিস ইয়াবা ও ৫২ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে। রংপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সাইফুর রহমান জানান, কুকরুল ফুল আমেরতল এলাকায় মাদক ব্যবসায়ীরা অবস্থান করছে, এমন গোপন সংবাদ পেয়ে পুলিশ অভিযানে যায়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে পুলিশকে লক্ষ্য করে গুলি চালায় মাদক ব্যবসায়ীরা। পুলিশও আত্মরক্ষার্থে গুলি ছুঁড়লে মাদক ব্যবসায়ী আবু মুসা নিহত হন। তার বিরুদ্ধে কোতোয়ালি থানায় ১১টি মাদক মামলা রয়েছে। লাশ উদ্ধার করে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।