রংপুরে শিক্ষার্থীরা রাজপথে বের হয়নি

নিজস্ব প্রতিবেদক, রংপুর: রংপুরে রোববার শিক্ষার্থীরা রাজপথে বের হয়নি। নগরী ছিল শান্ত। তবে বাস চলাচল এখনো বন্ধ রয়েছে।

রাজধানীতে বাসচাপায় দুই শিক্ষার্থী নিহতের বিচার ও নিরাপদ সড়কসহ 9 দফা দাবি আদায়ে সারা দেশের ন্যায় রংপুরের শিক্ষার্থীরা কদিন থেকে আন্দোলন চালিয়ে আসছিল। রোববার রংপুরের কোন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা রাজপথে নামেনি। ছাত্রছাত্রীরা ক্লাসে যোগ দিয়েছে।

রংপুরের অতিরিক্ত পুলিশ সুপার সাইফুর রহমান জানান, শিক্ষার্থীরা আন্দোলনে নামেনি। রংপুরের পরিস্থিতি শান্ত রয়েছে। শিক্ষার্থীরা ক্লাসে যোগ দিয়েছে।

এদিকে, মটর শ্রমিক ইউনিয়ন রোববার নগরীর বাসস্ট্যান্ডে নিরাপদ সড়কের দাবিতে সভা করেছে। এসময় বাসের চালক ও সহকারিরা উপস্থিত ছিলেন।

জেলা মটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাক আব্দুল মজিদ বলেন, নিরাপদ সড়ক তারাও চান। তবে সড়ক দুর্ঘটনা রোধে যে আইন করা হয়েছে তাকে কালো আইন আখ্যা দিয়েছেন তিনি। জরিমানাসহ এই আইনের বেশ কিছু ধারার সংশোধন দাবি করেন তিনি।

বাস ধর্মঘট প্রসঙ্গে আব্দুল মজিদ বলেন, বাস চলাচল শ্রমিক ইউনিয়ন বন্ধ করেনি। এটি করেছে বাস মালিক সমিতি।