নিজস্ব প্রতিবেদকঃ পবিত্র রমজান মাস উপলক্ষে নগরীতে বসবাসকারী এক লাখ পরিবারের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণের উদ্যোগ নিয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। প্রাথমিকভাবে ২৫ হাজার পরিবারের কাছে খাদ্যসামগ্রী পৌঁছে দেওয়া হবে।
রোববার (১০ মে) এ কার্যক্রমের অংশ হিসেবে ৩০ ট্রাক খাদ্যসামগ্রী নগর ভবনে এসে পৌঁছেছে বলে জানিয়েছে ডিএসসিসির জনসংযোগ বিভাগ।
সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা শাহ্ মো. ইমদাদুল হক অঞ্চল ১, অঞ্চল ৩ এবং অঞ্চল ৪ এর মোট ৩০টি ওয়ার্ডের কাউন্সিলর এবং প্রতিনিধিদের কাছে এসব খাদ্যসামগ্রী তুলে দেন।
প্রতিটি ওয়ার্ডের জন্য ৩৩৩টি প্যাকেট হিসেবে ৭৫টি ওয়ার্ডেই এ খাদ্যসামগ্রী দেওয়া হবে। এ সপ্তাহের মধ্যেই বাকি ৪০টি ওয়ার্ডের কাউন্সিলরদের মধ্যে এ খাদ্যসামগ্রী পৌঁছে দেওয়া হবে বলে জানানো হয়।
প্রদত্ত খাদ্যসামগ্রীর প্যাকেটের মধ্যে ১০ কেজি চাল, দুই কেজি ডাল, দুই লিটার তেল, দুই কেজি চিনি, এক কেজি লবন, একটি সাবান, ৪০০ গ্রাম গুঁড়াদুধ, দুই কেজি ছোলা ও দুই কেজি মুড়ি রয়েছে। প্রথম পর্যায়ে এ খাদ্যসামগ্রী কেনা বাবদ প্রায় পাঁচ কোটি টাকা ব্যয় হবে বলে দাবি করা হয়েছে।


