রাঙামাটিতে প্রেমের জেরে কিশোরীর আত্মহত্যা

জেলা প্রতিবেদকঃ প্রেমের জেরে রাঙামাটির লংগদু উপজেলায় জান্নাতুল (১৫) নামে এক কিশোরী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।
শুক্রবার (৩ এপ্রিল) উপজেলার ভাইবোনছড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত কিশোরী ওই এলাকার মৃত আনোয়ার হোসেনের মেয়ে এবং এবছর এসএসসি পরীক্ষা দিয়েছে।
নিহতের পরিবার সূত্রে জানা যায়, শুক্রবার (৩ এপ্রিল) পরিবারের অগোচরে নিজের কক্ষে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে জান্নাতুল। স্থানীয় এক কিশোরের সঙ্গে তার প্রেমের সম্পর্কের জেরে এ আত্মহত্যা।
সূত্রটি আরও জানায়, কিশোর-কিশোরী অপ্রাপ্তবয়স্ক হওয়ায় স্থানীয়ভাবে তাদের সম্পর্ক বিয়ে পর্যন্ত নিতে একটি লিখিত চুক্তি হয়। প্রাপ্তবয়স্ক হওয়ার পর তাদের বিয়ে হবে। এর আগে প্রেমে জড়ালে তাদের অর্থনৈতিক জরিমানা করা হবে বলেও জানানো হয়। কিন্তু সম্প্রতি তাদের প্রেমে ফাটল ধরলে এ ঘটনা ঘটে।
লংগদু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ মোহাম্মদ নূর বলেন, মরদহটি উদ্ধার করা হয়েছে এবং ময়নাতদন্তের জন্য রাঙামাটি সদর হাসপাতালে পাঠানো হবে।