সি.পি. ইনভেস্টিগেশন এজেন্সিঃ রাজধানীতে ইমারত নির্মাণ খাতে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির পেছনে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) এবং ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি লিমিটেড (ডেসকো)-সহ সংশ্লিষ্ট ইউটিলিটি সেবা প্রদানকারী সংস্থাগুলোর সমন্বয়হীনতা ও অবহেলার চিত্র উঠে এসেছে সাম্প্রতিক অনুসন্ধানে।
পানি, বিদ্যুৎ ও গ্যাস সংযোগ বিচ্ছিন্নকরণ সংক্রান্ত এক আন্তঃমন্ত্রণালয় সভায় রাজউকের চেয়ারম্যান জানান, ইমারত নির্মাণ আইন অনুযায়ী নির্মাণাধীন ভবনে রাজউক অনুমোদিত নকশা সংরক্ষণ এবং সংশ্লিষ্ট কর্মকর্তার নিকট তা প্রদর্শন করা ভবন মালিকের জন্য বাধ্যতামূলক। এছাড়া নির্মাণ কাজ শুরুর অন্তত ১৫ দিন আগে রাজউককে অবহিত করা এবং কারিগরি দায়িত্বে নিয়োজিত ব্যক্তিদের তথ্য ৩০৭ নং ফরমের মাধ্যমে জমা দেওয়ার বিধান রয়েছে।
কিন্তু বাস্তবে দেখা যায়, অধিকাংশ ক্ষেত্রেই ভবন মালিকরা এসব নিয়ম উপেক্ষা করে কারিগরি তদারকি ছাড়াই ঠিকাদারের মাধ্যমে নির্মাণ কাজ শুরু করেন এবং রাজউককে অবহিত করেন না।
রাজউকের আওতাধীন এলাকায় নির্মাণাধীন ও নির্মিত—দুই ধরনের ভবনের মধ্যে অনেক ভবনই অনুমোদিত নকশার ব্যত্যয় করে নির্মিত হয়েছে। ইতোমধ্যে নির্মিত ও বসবাসযোগ্য এসব ভবন নিয়ে সরকার একটি নীতিমালা প্রণয়নের উদ্যোগ নিয়েছে। তবে বর্তমানে যেসব ভবন নির্মাণাধীন অবস্থায় নকশা লঙ্ঘন করে গড়ে উঠছে, সেগুলোর কাজ দ্রুত বন্ধ করা প্রয়োজন বলে মত সংশ্লিষ্টদের।
গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব বলেন, রাজউকের কর্মকর্তারা পরিদর্শনের সময় অনিয়ম পেলে কাজ বন্ধ করে দিলেও তারা সরে যাওয়ার পর পুনরায় নির্মাণ শুরু হয়ে যায়। এমনকি নোটিশ প্রদান করলেও অনেক ভবন মালিক তা অমান্য করেন। ফলে প্রতিনিয়ত প্রতিটি স্থানে নজরদারি করা রাজউকের পক্ষে সম্ভব হয়ে ওঠে না।
এ অবস্থায়, ইউটিলিটি সংযোগ (বিদ্যুৎ, পানি, গ্যাস) বিচ্ছিন্ন করার মাধ্যমে অনিয়ম রোধের প্রস্তাব উঠে আসে। সিদ্ধান্ত অনুযায়ী, রাজউকের একজন ফোকাল পয়েন্ট কর্মকর্তা নির্ধারণ করে তার সুপারিশের ভিত্তিতে ইউটিলিটি সংযোগ বিচ্ছিন্ন এবং ব্যত্যয় দূর হলে পুনরায় সংযোগ দেওয়ার প্রক্রিয়া চালু করার কথা বলা হয়।
রাজউকের সদস্য (উন্নয়ন নিয়ন্ত্রণ) জানান, মোবাইল কোর্ট পরিচালনার সময় অনেক ক্ষেত্রে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হলেও পরে রাজউককে অবহিত না করেই পুনরায় সংযোগ দেওয়া হয়। এতে কার্যকরভাবে অনিয়ম বন্ধ করা সম্ভব হচ্ছে না।
অন্যদিকে, রাজউকের প্রধান নগর পরিকল্পনাবিদ বলেন, ভবন নির্মাণকালে ইউটিলিটি সংযোগ দেওয়ার আগে রাজউকের অনুমোদিত নকশা যাচাই করা বাধ্যতামূলক করা গেলে অনিয়ম অনেকাংশে কমে আসবে।
ডেসকোর ব্যবস্থাপনা পরিচালক বলেন, বিদ্যুৎ আইন-২০১৮ অনুযায়ী সরাসরি সংযোগ বিচ্ছিন্ন করার স্পষ্ট বিধান না থাকায় অনেক ক্ষেত্রে আইনি জটিলতা তৈরি হয়। ফলে ভবন মালিকরা আদালতের আশ্রয় নিয়ে পুনরায় সংযোগ নিয়ে নেন। তবে ইমারত নির্মাণ আইনের আওতায় যথাযথ প্রক্রিয়ায় নির্দেশনা এলে সংযোগ বিচ্ছিন্ন করা সম্ভব।
ডেসকোর এক পরিচালক জানান, অপরিকল্পিত এলাকায় প্রাথমিকভাবে টিনশেডে অস্থায়ী সংযোগ দেওয়া হয়, যেখানে রাজউকের অনুমতি নেওয়ার সুযোগ থাকে না। তবে রাজউকের অনুমোদিত ফরম্যাটে নির্বাহী প্রকৌশলীর নিকট পত্র পাঠানো হলে তাৎক্ষণিক সংযোগ বিচ্ছিন্ন করা সম্ভব।
আন্তঃমন্ত্রণালয় সভার কার্যবিবরণীতে (তারিখ: ১৭/০৪/২০২৫) এসব বিষয়ে সুস্পষ্ট সিদ্ধান্ত থাকলেও বাস্তবে তার প্রতিফলন নেই। একদিকে রাজউক বলছে তারা সংযোগ বিচ্ছিন্নের জন্য পত্র পাঠিয়েছে, অন্যদিকে ডেসকো বলছে নির্বাহী ম্যাজিস্ট্রেটের নির্দেশনা ছাড়া তারা ব্যবস্থা নিতে পারছে না—ফলে কার্যত কোনো পদক্ষেপই বাস্তবায়ন হচ্ছে না।
এই সমন্বয়হীনতার সুযোগে খিলখেত, উত্তরা, তুরাগ, উত্তরখান ও দক্ষিণখান এলাকায় রাজউকের অনুমোদনহীন ও নকশা ব্যত্যয় করে হাজারো বহুতল ভবন নির্মাণ করা হয়েছে। এতে পরিবেশ দূষণসহ নগর পরিকল্পনা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।
সচেতন মহলের দাবি, সংশ্লিষ্ট সকল সংস্থার মধ্যে কার্যকর সমন্বয় এবং কঠোর মনিটরিং নিশ্চিত করা না হলে রাজধানীতে পরিকল্পিত নগরায়ন বাস্তবায়ন করা সম্ভব হবে না।
অনুসন্ধান চলমান…


