রাজধানীর কদমতলীতে একটি রাবার কারখানায় মেশিন বিস্ফোরণে দেলোয়ার হোসেন (৪৫) নামে এক কর্মচারীর মৃত্যু হয়েছে।
দেলোয়ারের গ্রামের বাড়ি ময়মনসিংহ সদর উপজেলায়। বর্তমানে ওই কারখানাতেই থাকত।
আজ রোববার (২৮ আগস্ট) সকাল সাড়ে ৭টার দিকে কদমতলি পুরান আলী বহর পানামা রাবার কারখানায় এ দুর্ঘটনা ঘটে। মুমূর্ষু অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক সাড়ে ৮টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।
কারখানাটির সুপারভাইজার জানান, কারখানাটিতে গাড়ির টায়ার ও টিউব তৈরি করা হয়। সকালে দেলোয়ার কারখানায় কাজ করার সময় গ্র্যাংডিং পাথর নামে একটি মেশিন বিস্ফোরণ হয়। এতে সে গুরুতর আহত হয়। পরে তাকে হাসপাতালের নিয়ে যাওয়া হয়। সেখানেই তার মৃত্যু হয়।
ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয় নিশ্চিত করে জানান, মৃতদেহটি ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।


