নিজস্ব প্রতিবেদকঃ রাজধানীর বনানী, গুলশান ও কড়াইল আদর্শ নগর এলাকার ছয় হাজার পরিবারের মধ্যে ত্রাণ সহায়তা প্রদান করা হয়েছে। ব্র্যাক, ইউএনডিপি, গুলশান সোসাইটিসহ বিভিন্ন কোম্পানি ও মহল থেকে ব্যাক্তিগত উদ্যোগে এসব সহায়তা দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (২৩ এপ্রিল) রাতে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, ঢাকা উত্তর সিটি করপোরেশনের ১৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মো. মফিজুর রহমানের উদ্যোগে ব্র্যাক, ইউএনডিপি, গুলশান সোসাইটিসহ বিভিন্ন কোম্পানি ও মহলের সহযোগিতায় এসব সহায়তা প্রদান করা হয়েছে।
বৃহস্পতিবার ১৯ নম্বর কাউন্সিলরের নির্বাচনী এলাকায় রিকশাওয়ালা থেকে শুরু করে বিভিন্ন পেশাজীবীর নিম্ন আয়ের মানুষদের মধ্যে এসব ত্রাণ বিতরণ করা হয়। এসময় ত্রাণ হিসেবে চাল, ডাল, আলু, তেল ও সাবান দেওয়া হয় সাধারণ মানুষদের মধ্যে। করোনা পরিস্থিতিতে উপার্জন না থাকায় কড়াইল আদর্শনগর এলাকার সাধারণ নিম্ন আয়ের মানুষদের মধ্যে পাঁচ হাজার এবং পুরো ওয়ার্ডে যারা নিম্ন আয়ের, তাদের এক হাজার জনের মধ্যে ত্রাণ বিতরণ করা হয়।
এ বিষয়ে কাউন্সিলর মফিজুর রহমান জানান, ব্র্যাক, ইউএনডিপি, গুলশান সোসাইটি, বিভিন্ন কোম্পানি ও মহল থেকে ব্যাক্তিগত উদ্যোগে এসব ত্রাণ সামগ্রী দুস্থ ও নিম্ন আয়ের মানুষদের মাঝে বিতরণ করা হয়েছে। এছাড়া যারা বাকি আছে ক্রমান্বয়ে তাদেরকেও ত্রাণ সহযোগিতা প্রদান করা হবে।
অপরদিকে, রাজধানীর মহাখালী এলাকার একটি বস্তির ৫০০ মানুষের মধ্যে ত্রাণ বিতরণ করেছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ২০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মো. নাসির। ব্যক্তিগত উদ্যোগ এবং সরকারী সাহায্যের মাধ্যমে বেশ কয়েকদিন ধরে ত্রাণ বিতরণ করছেন তিনি।
বৃহস্পতিবার (২৩ এপ্রিল) মহাখালীর সরকারি তিতুমীর কলেজ থেকে এসব ত্রাণ বিতরণ করা হয়। এসময় এই এলাকার একটি বস্তির ৫০০ নিম্ন আয়ের মানুষদের মধ্যে ত্রাণ বিতরণ করেন তিনি। ত্রাণ হিসেবে তাদের চাল, ডাল, আলু, তেল ও সাবান সাহায্য করা হয়।
কাউন্সিলর মো. নাসির জানান, ২০ নং নির্বাচনী ওয়ার্ডে প্রায় ৬০ হাজার মানুষের বসবাস। বিভিন্ন ও মহল থেকে প্রাপ্ত সহযোগীতা এবং ব্যাক্তিগত উদ্যোগে নিয়মিতভাবে এসব ত্রাণ সামগ্রী দুস্থ ও নিম্ন আয়ের মানুষদের মাঝে বিতরণ করা হচ্ছে। এখন পর্যন্ত প্রায় ১৪ হাজার মানুষকে সাহায্য প্রদান করা হয়েছে।


