বিশেষ সংবাদদাতাঃ রাজধানীতে মোটরসাইকেলের ধাক্কায় মিনাল কান্তি সাহা (৫০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। তার বাড়ি চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলায়। ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল সূত্রে জানা গেছে মঙ্গলবার (৬ নভেম্বর) রাত ১০টার দিকে মিরপুরের কাফরুলে এ দুর্ঘটনা ঘটে। মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক রাত সাড়ে ১১টার দিকে মিনাল কান্তিকে মৃত ঘোষণা করেন। মিনাল কান্তি স্ত্রী ও সন্তানদের নিয়ে কাফরুল পুলিশ স্টাফ কোয়ার্টার এলাকায় থাকতেন। ছেলে মলাই সাহা জানান, কাফরুল পুলিশ স্টাফ কলেজের বিপরীত পাশের রাস্তায় একটি মোটরসাইকেলের ধাক্কায় গুরুতর আহত হন তার বাবা। এরপর দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) বাচ্চু মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ময়নাতদন্তের জন্য নিহতের মরদেহ ঢামেক মর্গে রাখা হয়েছে।


