রাজবাড়ীতে ব্যাটারিচালিত অটোরিকশার ধাক্কায় এক বৃদ্ধা নিহত

রাজবাড়ী; রাজবাড়ী সদর উপজেলার মিজানপুর ইউনিয়নে ব্যাটারিচালিত অটোরিকশার ধাক্কায় অমেলা বেগম (৭০) নামে এক বৃদ্ধা নিহত হয়েছেন। শুক্রবার বেলা পৌনে ১১টার দিকে ইউনিয়নের গঙ্গাপ্রসাদপুর কলিবরের বটতলা সংলগ্ন নাপিতবাড়ির সামনে এ ঘটনা ঘটে।

নিহত অমেলা বেগম ওই ইউনিয়নের বড় লক্ষীপুর এলাকার মৃত উকিল মৃধার স্ত্রী।

অমেলা বেগমের ছেলে মালেক মৃধা জানান, তিনি গঙ্গপ্রসাদপুর এলাকায় ক্ষেতে কাজ করছিলেন। খাবার নিয়ে মা তার কাছে আসার সময় অটোরিকশার ধাক্কায় ঘটনাস্থলেই মারা যান।

তিনি আরও বলেন, এই এলাকার একটি অটোরিকশা রাস্তার পাশে থামানো ছিল। অটোরিকশায় চালক না থাকলেও গাড়িতে চাবি ছিল। শুনেছি শাওন নামের একটি বাচ্চা ছেলে সেসময় চাবি দিয়ে অটোরিকশার পিকাপ ধরলে গাড়িটি আমার মাকে নিয়ে পাশের খালে পড়ে যায় এবং এ দুর্ঘটনা ঘটে।

রাজবাড়ী সদর থানার এসআই মো. মামুন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।