নিজস্ব প্রতিবেদক, রাজশাহী : সোমবার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার তারাপুরে দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- পুঠিয়া পিএন উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী রাকিবুল হাসান (১৭), মোস্তাফিজুর রহমান এবং মোস্তাফিজের বাবা মোটরসাইকেল চালক আবদুল মোমিন (৪০)। রাজশাহীর পুঠিয়া উপজেলায় ট্রাকের ধাক্কায় দুইজন এসএসসি পরীক্ষার্থীসহ তিনজন নিহত হয়েছেন।
এলাকাবাসী জানান, উপজেলার তেলিপাড়া থেকে সকালে আবদুল মোমিন তার ছেলে মোস্তাফিজকে নিয়ে এসএসসি পরীক্ষা দেওয়ার জন্য পরীক্ষাকেন্দ্র বানেশ্বরের ইসলামিয়া উচ্চবিদ্যালয়ের উদ্দেশে রওনা হন। পথে আরেক পরীক্ষার্থী তারাপুরের কাবিল হোসেনের ছেলে রাকিবকে মোটরসাইকেলে তুলে নেন।
মোটরসাইকেল রাজশাহী-নাটোর মহাসড়কে ওঠার পর নাটোরগামী ট্রাক তাদের ধাক্কায় দেয়। এর ফলে ঘটনাস্থলে তারা মারা যায়। পরে ফায়ার সার্ভিসের পুঠিয়া স্টেশনের সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে লাশ উদ্ধার করে রাজশাহী মেডিক্যাল কলেজের মর্গে পাঠায়।
এ ব্যাপারে পুঠিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইদুর রহমান ভূঁইয়া জানান, ট্রাকের ধাক্কায় ঘটনাস্থলে তিনজন মারা গেছেন। ট্রাক ফেলে চালক এবং তার সহযোগী পালিয়ে গেছেন। তাদের গ্রেপ্তারের জন্য অভিযান শুরু হয়েছে।


