নিজস্ব প্রতিবেদক, রাজশাহী : এ সময় বিদেশি পিস্তল, গুলি ও দেশীয় তৈরি অস্ত্র সরঞ্জামাদি উদ্ধার করা হয়। বন্দুকযুদ্ধের সময় চারজন র্যাব সদস্য আহত হয়েছেন। র্যাব-৫, রাজশাহীর উপঅধিনায়ক মেজর আশরাফুল ইসলাম জানান, চারঘাট-বাঘা সড়কের হাজির ঢালান বিলের মধ্যে বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে একটি ডাকাত দল ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। এ সময় খবর পেয়ে র্যাব সদস্যরা সেখানে উপস্থিত হয়। র্যাবের উপস্থিতি টের পেয়ে ডাকাত দলের সদস্যরা র্যাবকে লক্ষ্য গুলি ছুঁড়তে থাকে। এ সময় র্যাবও পাল্টা গুলি ছুঁড়ে। উভয়পক্ষের গুলিবিনিময়ে ডাকাত দলের সদস্যরা পিছু হটে। পরে হাজির ঢালান বিল থেকে গুলিবিদ্ধ অবস্থায় একজন ডাকাত সদস্যকে র্যাব উদ্ধার করে চারঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তবে নিহত ডাকাত দলের সদস্যের নাম-পরিচয় জানা যায়নি। এ বিষয়ে চারঘাট মডেল থানার ওসি নজরুল ইসলাম জানান, লাশ থানায় আছে। ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিক্যাল কলেজের মর্গে পাঠানো হবে।


