নিজস্ব প্রতিবেদক, রাজশাহী : শনিবার সকাল সাড়ে ৯টার দিকে কাটাখালীর সমশাদিপুর এলাকায় রাজশাহী-নাটোর মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। রাজশাহী নগরীর উপকণ্ঠ কাটাখালীতে অটোভ্যান উল্টে নানা-নাতি নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো দুইজন। তাদের মধ্যে একজনকে রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। অপরজনকে স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।নিহতরা হলেন- কাটাখালীর দেওয়ানপাড়া এলাকার নাজিম আহমেদ (৫০) ও তার নাতি আরাফাত (৩)। আহতরা হলেন- নাজিমের স্ত্রী আছিয়া বেগম (৪৫) ও তাদের আরেক নাতি নোমান (৫)। নাজিমের চাচাতো ভাই ও কাটাখালী পৌরসভার ৫ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আব্দুল মোতালেব জানান, সকালে নাজিম পরিবারের সদস্যদের নিয়ে নিজের অটোভ্যানে কাপাশিয়া এলাকায় শ্যালিকার বাড়িতে বেড়াতে যাচ্ছিলেন। এ সময় ভ্যানের ডান পাশের চাকাটি ভেঙে রাস্তার ওপর উল্টে যায়। এতে তারা চারজন আহত হন। পরে তিনজনকে উদ্ধার করে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে জরুরি বিভাগের চিকিৎসকরা নাজিম ও তার নাতি আরাফাতকে মৃত ঘোঘণা করেন। আর হাসপাতালে ভর্তি করা হয় আছিয়া বেগমকে। তবে নোমানকে স্থানীয়ভাবে চিকিৎসা দিয়ে বাড়ি নিয়ে যাওয়া হয়। কাটাখালী থানার ওসি মেহেদি হাসান বলেন, ‘খবর পেয়ে পুলিশ ও দমকল কর্মীরা গিয়ে আহতদের উদ্ধার করেন। হাসপাতালের নেওয়ার পর নাজিম ও তার নাতি আরাফাত মৃত্যুবরণ করেন। নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।’


