রাজশাহীর চার ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী : জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। নিয়মিত বাজার তদারকির অংশ হিসেবে প্রতিষ্ঠানগুলো পরিদর্শনে গিয়ে নানা অনিয়ম পাওয়ায় ভোক্তা অধিকার আইনে প্রতিষ্ঠান চারটিকে মোট ৮০ হাজার টাকা জরিমানা করা হয়। শনিবার সকাল থেকে দুপুর পর্যন্ত রাজশাহী রেলওয়ে স্টেশন ও বিসিক এলাকায় আলাদাভাবে এ অভিযান চালান জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের জেলা ও বিভাগীয় কার্যালয়ের কর্মকর্তারা।

বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক হাসান-আল-মারুফ জানান, তিনি রেলওয়ে স্টেশনের ভেতরে অভিযান চালান। এ সময় ‘আপ্যায়ন ফাস্ট ফুড’ নামে একটি কনফেকশনারি দোকানে মেয়াদ উত্তীর্ণ কোমল পানীয় মজুত পাওয়া যায়। তাই ১৭ হাজার টাকা জরিমানা করা হয় প্রতিষ্ঠানটিকে।

এছাড়া স্টেশনের ‘শাহ রুপস হোটেল’ নামে একটি খাবারের দোকানকে জরিমানা করা হয় আট হাজার টাকা। নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত করা হচ্ছিল হোটেলটিতে।

অন্যদিকে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের জেলা কার্যালয়ের সহকারী পরিচালক অপূর্ব অধিকারী অভিযান চালান বিসিক এলাকায়।

এ সময় ওজনে গরমিল থাকায় ‘এসএইচ ইন্ডাস্ট্রি’ নামের একটি চাল মিলকে তিনি ৫০ হাজার টাকা জরিমানা করেন। এছাড়া একই অপরাধে ‘কেরামত চাউল’ নামে আরেকটি চালের দোকানকে জরিমানা করা হয় পাঁচ হাজার টাকা।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক হাসান-আল-মারুফ জানান, প্রতিষ্ঠানগুলো জরিমানার অর্থ পরিশোধ করেছেন। সে অর্থ রাষ্ট্রীয় কোষাগারে জমা দেওয়া হয়েছে। এ ধরনের অভিযান নিয়মিতই চলবে।