মোঃ জয়নাল আবেদীন ঠাকুরগাঁও জেলা প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে নির্বাচনী ফলাফল ঘোষণার পর সহিংসতায় পুলিশের গোলাগুলিতে সুমাইয়া আক্তার আশা নামে (৮) মাস বয়সী এক শিশু কন্যা নিহত, নিহত শিশুর মরদেহ পিতা মোঃ বাদশার কাছে হস্তান্তর করা হয়েছে।
আজ বৃহস্পতিবার (২৮ জুলাই) ওই শিশুর মরদেহ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করেছে প্রশাসন। আজ দুপুরে লাশ হস্তান্তরের পর রাণীশংকৈল উপজেলার মীরডাঙ্গী বাজারে শিশুটির জানাজার নামাজ শেষে তাকে স্থানীয় পারিবারিক গোরস্থানে দাফন করা হয়েছে। রাণীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম জাহিদ ইকবাল বিষয়টি নিশ্চিত করেছেন।
শিশুটির জানাজায় উপস্থিত ছিলেন রানীশংকৈল উপজেলা নির্বাহী কর্মকর্তা সোহেল সুলতান জুলকার নাইন কবির স্টীভ, ঠাকুরগাঁও ৩ আসনের সংসদ সদস্য জাহিদুর রহমান, উপজেলা চেয়ারম্যান শাহরিয়ার আজম মুন্নাসহ আরো স্থানীয়রা। এসময় শিশুটির বাবা মোঃ বাদশা উপস্থিত প্রশাসনের সকলের কাছে সঠিক বিচার ও সুষ্ঠু সমাধান চান। প্রশাসনের পক্ষ থেকে ওসি, ইউএনও, এমপি সহ উপজেলার চেয়ারম্যান নিহত শিশুর বাবাকে হতাশ না হয়ে ধৈর্য ধারণ করা জন্য শান্তনা দেন।সহিংসতার ঘটনার তদন্ত কমিটি গঠন করা হয়েছে। নিশ্চয়ই এর সুষ্ঠু তদন্ত হবে বলে জানিয়েছেন তারা। প্রসঙ্গত, গতকাল বুধবার (২৭ জুলাই) সন্ধ্যা ৭টায় রানীশংকৈল উপজেলার বাচোর ইউনিয়নের ৩নং ভাংবাড়ি ভোট কেন্দ্রে সহিংসতার ঘটনা ঘটে। এঘটনায় সুরাইয়া আক্তার আশা নামে (৮) মাস বয়সী এক শিশু কন্যা নিহত হয়। আশা রানীশংকৈল মীরডাঙ্গী বাজার এলাকার বাদশাহর মেয়ে।


