রাণীশংকৈলে শিক্ষক সমিতির ঘর মেরামতে বাঁধা ২ শিক্ষক আহত, থানায় অভিযোগ

মোঃ সোহেল রানা রাণীশংকৈল(ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় প্রাঃ শিক্ষক সমিতির জায়গা নিয়ে দ্বন্দ্ব। গতকাল রবিবার ২০শে ফেব্রুয়ারি  শিক্ষক সমিতির পুরনো ঘর মেরামত করতে গিয়ে প্রতিপক্ষের হামলার শিকার হন শিক্ষকরা এতে ২জন শিক্ষক আহত হয়।
এ বিষয়ে ১১জনের নাম উল্লেখ করে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।
ঘটনার বিষয়ে শিক্ষক সমিতির যুগ্ম আহ্বায়ক আহসান হাবীবের মৌখিক ও এজাহার সূত্রে জানা গেছে, রানীশংকৈল উপজেলার মহলবাড়ি মৌজার ১৩৬ নং দাগে,১৯৮২ সালের পূর্ব থেকে প্রাঃ শিক্ষক সমিতির দখলে ছিল।
১৯৮০ সালে জেলা প্রশাসক সমিতিকে লিজ প্রদান করেন ও সরকারি নিয়ম অনুযায়ী ডিসিআর নেওয়া হয়।
তখন হতে সেখানে পাকা ঘর নির্মাণ করে সমিতির কার্যক্রম চালিয়ে যাচ্ছিল শিক্ষকরা। ওই শিক্ষক সমিতির সম্পাদকের মৃত্যু হলে একটি চক্র ওই সুযোগে জায়গাটি তাদের দখলে নেওয়ার চেষ্টা করে। তৎকালীন রাণীশংকৈল উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনার (ভূমি) মৌসুমী আফরিদা রাতের আধারে দখলকারীদের উচ্ছেদ করেন।
তারপর ক্রমান্বয়ে জমির মালিক দাবি করে সম্প্রতি আরেকটি গ্রুপের মধ্যে দ্বন্দ্বের সৃষ্টি হয়। দোশিয়া গ্রামের মুকুল নামের এক ব্যক্তির সহায়তাকারী হিসেবে মফিজুল ও তার লোকজন ওই জায়গায় দখল নেওয়ার চেষ্টা করেন। শিক্ষক সমিতির লোকজন সমিতির পুরনো ঘর পুনরায় মেরামত করতে গেলে মফিজুল বাধা দেন।
এ নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে মফিজুল ও তার সঙ্গীরা লোকজন শিক্ষকদের উপর আকস্মিকভাবে হামলা চালায়। এ হামলায় সহকারী শিক্ষক আজিজার রহমান ও মকবুল হোসেন আহত হয়ে রাণীশংকৈল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়। এ বিষয়ে শিক্ষক সমিতির যুগ্ম আহ্বায়ক আহসান হাবীব বাদী হয়ে মফিজুল ইসলাম ও ওসমান গনিসহ মোট ১১জনের বিরুদ্ধে রাণীশংকৈল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
শিক্ষকের ওপর হামলা ও গায়ে হাত দেওয়ার বিষয়টি মেনে নিতে পারছেন না শিক্ষক সমাজ। ভান্ডারা সঃ প্রাঃ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক ও শিক্ষক সমিতির আহ্বায়ক গপেন্দ্রনাথ বলেন, আগামীকাল আমরা সকল শিক্ষকদের মানববন্ধন করার ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণ করব। এদিকে বিবাদী মফিজুল ইসলাম বলেন, এ জমি নিয়ে মামলা চলমান রয়েছে তাই আমি কাউকে দখল করতে দিচ্ছি না।
রাণীশংকৈল থানার অফিসার ইনচার্জ এস এম জাহিদ ইকবাল বলেন, শিক্ষক সমিতির পক্ষ থেকে অভিযোগ পেয়েছি, সার্কেল স্যারের সাথে কথা বলে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।