নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম : চট্টগ্রাম নগরী থেকে গ্রেপ্তার জামায়াতে ইসলামীর সাবেক এমপি ও কেন্দ্রীয় নেতা শাহজাহান চৌধুরীকে দুই দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ। তার সঙ্গে গ্রেপ্তার ৬ জনের ৩ দিন করে রিমান্ড মঞ্জুর করেছে আদালত। সোমবার দুপুরে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শফি উদ্দিনের আদালত শুনানি শেষে রিমান্ড মঞ্জুর করেন। চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের উপপুলিশ কমিশনার (প্রসিকিউশন) নির্মলেন্দু বিকাশ চক্রবর্তী জামায়াত নেতাদের রিমান্ড মঞ্জুরের সত্যতা নিশ্চিত করেছেন। আদালত সূত্র জানায়, জামায়াতের কেন্দ্রীয় নেতা শাহজাহান চৌধুরী এবং তার সাত সহযোগীকে নাশকতার পরিকল্পনার অভিযোগে খুলশি থানা এলাকা থেকে গ্রেপ্তার করে নগর গোয়েন্দা পুলিশ। গ্রেপ্তারের পর খুলশি থানায় তাদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করা হয়। এই মামলায় তাদের রিমান্ডের আবেদন জানালে আদালত শুনানি শেষে শাহজাহান চৌধুরী ও তার সহযোগী আবু তাহেরের দু্ই দিন করে রিমান্ড মঞ্জুর করেন। একই সঙ্গে গ্রেপ্তার আরো ৬ জনের ৩ দিন করে রিমান্ড মঞ্জুর করা হয়। অন্য আসামিরা হলেন মঞ্জুর আলম (৩৩), মো. মাহাবুব আলম প্রকাশ মিঠু (৩২), মিনহাজুল আরেফিন আফতাহী (২৪), মো. আবুল বাশার (২৬), এইচ এম সাইফুদ্দিন (৩৬) ও মো. রাসেল (১৯)।


