আন্তর্জাতিক ডেস্ক : রাখাইন রাজ্য থেকে হত্যা-ধর্ষণ ও নির্যাতনের মুখে বাংলাদেশে আসা রোহিঙ্গা শরণার্থী সংকট সমাধানে মিয়ানমার সরকারকে দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। বৃহস্পতিবার জাতিসংঘের নিরাপত্তা পরিষদের উন্মুক্ত আলোচনায় তিনি এ আহ্বান জানান।
জাতিসংঘ মহাসচিব বলেন, গত মাসে সহিংসতা শুরুর পর বর্তমানে পরিস্থিতির দ্রুত অবনতি ঘটছে। এ পর্যন্ত প্রায় পাঁচ লাখ রোহিঙ্গা সহিংসতা থেকে প্রাণে বাঁচতে বাংলাদেশে প্রবেশে করেছে।
গুতেরেস বলেন, ‘পরিস্থিতি বিশ্বের দ্রুতই বর্ধমান শরণার্থী জরুরি অবস্থার সৃষ্টি করছে , যা মানবিক ও মানবাধিকারের দুঃস্বপ্ন।’
রোহিঙ্গাদের ওপর নির্যাতন-নিপীড়নের কথা তুলে ধরে তিনি বলেন, ‘পালিয়ে আসা, যাদের বেশিরভাগ নারী, শিশু ও বয়স্ক, তাদের কাছ থেকে আমরা রক্ত হিম করা বক্তব্য পেয়েছি। এই বিবরণ মাত্রাতিরিক্ত সহিংসতা ও গুরুতর মানবাধিকার লঙ্ঘনকে তুলে ধরেছে।’
তিনি বলেন, ‘ঘটনাস্থলের পরিস্থিতি পদক্ষেপ দাবি করছে। লোকজনকে সুরক্ষা, দুর্ভোগ প্রশমন, আরো অস্থিতিশীলতা ঠেকাতে, প্রকৃত সমস্যা চিহ্নিতকরণে এবং টেকসই ও দীর্ঘমেয়াদী সমাধানের জন্য দ্রুত পদক্ষেপ প্রয়োজন।’
রাখাইনে সহিংসতায় ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে অবিলম্বে ত্রাণ সংস্থাগুলোকে প্রবেশের অনুমতি দেওয়ার জন্য মিয়ানমার সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন গুতেরেস। একইসঙ্গে জাতিসংঘ ও ত্রাণ সংস্থাগুলোর বিরুদ্ধে মিয়ানমার কর্তৃপক্ষের বর্তমান অবস্থানে উদ্বেগ জানিয়েছেন তিনি।
সম্প্রতি রোহিঙ্গাদের ওপর নির্যাতন বন্ধে বিভিন্ন দেশ ও সংস্থা মিয়ানমারের প্রতি আহ্বান জানিয়েছে। তবে এতে সাড়া না মেলায় যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স, সুইডেন, মিশর, সেনেগাল ও কাজাখস্তানের অনুরোধে নিরাপত্তা পরিষদে বৃহস্পতিবার উন্মুক্ত আলোচনার ব্যবস্থা করা হয়। এই আলোচনার পর ১৫ সদস্যের নিরাপত্তা পরিষদ কোনো প্রস্তাব নেয় কি না, সেটাই এখন দেখার বিষয়।


