রৌমারী সীমান্তে বিজিবি ও গ্রামবাসীর সংঘর্ষে ৪বছরের শিশু আহত

কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের রৌমারী সীমান্তে বিজিবি ও গ্রামবাসীর সংঘর্ষে নুসরাত জাহান নামের ৪বছরের একটি শিশু মাথায় প্রচন্ড আঘাত পেয়ে আহত হয়েছেন।বর্তমানে শিশুটি রৌমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছেন।

জানা গেছে,সোমবার বিকেলে উপজেলার দক্ষিণ আলগার চর গ্রামের কিছু ভেড়া/ছাগল সীমান্তের ১০৭০-৭১ পিলারের মাঝামাঝি দিয়ে নোম্যান্সল্যান্ডে প্রবেশ করে। এসময় বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবি’র সদস্যরা ছাগল/ভেড়াগুলো আটক করে।পরে ছাগলের মালিকরা ছাগল ফেরত চাইতে গেলে বাকবিতন্ডতার সৃষ্টি হয়।পরে বালিয়ামারী ও খেওয়ারচর ক্যাম্পের বিজিবি সদস্যরা দক্ষিণ আলগার রবিউলের বাড়িতে অর্তকিত ভাবে হামলা চালালে শিশু নুসরাত জাহানের মাথায় প্রচন্ড আঘাত লেগে আহত হয়।

এব্যাপারে ৩৫ জামালপুর ব্যাটালিয়ন (বিজিবি) এর অধিনায়ক লে: কর্নেল এসএম আজাদ জানান,গরু, ছাগল ও ভেড়া নোম্যান্সল্যান্ডে গেলে ভারতীয় বিএসএফ আমাদেরকে অভিযোগ দেয়। তাই সীমান্ত বাসিকে ভারতে গরু, ছাগল না দেওয়ার জন্য বলা হয়েছিল।ভেড়া/ছাগল আটককে কেন্দ্র করে গ্রামবাসিরা বিজিবির উপর চড়াও হয়। এতে অনাকাঙ্খিত ঘটনার সৃষ্টি হলে আমি দ্রুত বিষয়টি যাদুরচর ইউপি চেয়ারম্যানের মাধ্যমে নিষ্পত্তি করে দেই।এলাকার পরিস্থিতি শান্ত রয়েছে।