আন্তর্জাতিক ডেস্ক : রয়টার্সের দুই সাংবাদিকের বিরুদ্ধে রাষ্ট্রীয় গোপনীয়তা আইনে বিচার শুরু করেছে মিয়ানমারের আদালত। রোহিঙ্গা নিপীড়নের তথ্য সংগ্রহের সময় গ্রেপ্তারের ছয় মাস পর সোমবার তাদের বিচার শুরু হলো।
ইয়াংগুনের জেলা জজ ইয়ে লিউইন সাংবাদিক ওয়া লোন (৩২) ও কিয়াও সো ও’র (২৮) বিরুদ্ধে অভিযোগ গঠন করে তাদের বিচার শুরুর আদেশ দেন। ঔপনিবেশিক আমলের ওই আইনে দোষী সাব্যস্ত হলে দুই সাংবাদিকের ১৪ বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে।
রয়টার্সের দুই সাংবাদিক আদালতে নিজেদের নির্দোষ দাবি করেছেন। আদালতকে দুজন বলেছেন, তারা ‘সাংবাদিকতার নিয়ম অনুসরণ করেছেন।’ আদালতের বাইরে সাংবাদিকদের ওয়া লোন বলেছেন, তিনি ও কিয়াও সো ও কোনো অপরাধ করেননি এবং আদালতে তাদের নির্দোষিতা প্রমাণ করবেন।
তিনি বলেন, ‘আমরা আদালতে লড়ব। আমরা পিছপা হব না কিংবা পরিত্যাগ করব না কিংবা এর দ্বারা ভীত হব না।’ রোহিঙ্গাদের প্রতিবেদন করা দুই সাংবাদিকের বিচার আন্তর্জাতিক সম্প্রদায়েরও নজর কেড়েছে। পশ্চিমা কূটনীতিবিদের কেউ কেউ এবং কোনো কোনো অধিকার সংগঠন এই বিচারকে নোবেল জয়ী সু চি সরকারের পূর্ণ গণতান্ত্রিক প্রক্রিয়ায় প্রত্যাবর্তনের পরীক্ষা হিসেবে দেখছেন। কারন ধারণা করা হয়, ক্ষমতা থেকে বিদায় নিলেও দেশটির সেনাবাহিনী এখনো সরকারের ওপর উল্লেখযোগ্য প্রভাব বিস্তার করে চলছে।


