জেলা প্রতিবেদকঃ নারায়ণগঞ্জে লকডাউনের মধ্যেই শহরজুড়ে তীব্র যানজট সৃষ্টি হয়েছিল। এ যানজটের মধ্যেই নিত্যপ্রয়োজনীয় কাজ ও কর্মস্থলে যোগ দিতে বের হয়েছেন সাধারণ মানুষ। তবে অনেকেই বের হয়েছেন মার্কেটে কেনাকাটা করতে।
বৃহস্পতিবার (১৪ মে) দুপুরে শহরের কলেজরোড মোড়, চাষাঢ়া, দুই নম্বর রেলগেট মোড়, পঞ্চবটী মোড়ে এ যানজট দেখা যায়। এতে কলেজ রোড মোড় ও চাষাঢ়া মোড়ে ১০ থেকে ১৫ মিনিট যানজটে বসে থাকতে হয় সাধারণ মানুষকে।
শহরের কলেজ রোড মোড়ে ১৫ মিনিট ধরে যানজটে বসে থাকা জামতলা এলাকার বাসিন্দা মেহেদী হাসান জানান, বাসার বাজার করার জন্য বের হয়েছিলাম। বাজারে যাবার পথে এ মোড়ে আটকে আছি ১৫ মিনিট ধরে। অনেক যানজট এখানে। গাড়ি ও রিকশার পাশাপাশি বিভিন্ন পরিবহনের চাপ। লকডাউনের কোনো চিহ্ন এখানে নেই।
একই কথা জানান, চাষাঢ়ায় যানজটে আটকে থাকা ওয়াহিদুজ্জামান। তিনি বলেন, চাষাঢ়া এ শহরের প্রাণকেন্দ্র আর লকডাউনের মধ্যে এখানেই সবচেয়ে বেশি যানজট। মার্কেটগুলোতেও উপচেপড়া ভিড়। আর ভিড় হবেই তো, সবকিছুই তো খোলা। মানুষ নিজেদের প্রয়োজনে, চাকরি বাঁচাতে ও বিভিন্ন কাজে বের হচ্ছেন।
এ ব্যাপারে জানতে একাধিকবার চাষাঢ়ায় ট্রাফিকের দায়িত্বে থাকা পরিদর্শক (টিআই) সোহরাবের মোবাইল ফোনে কল দেওয়া হলে সেটি বন্ধ পাওয়া যায়।


