লকডাউন ভেঙে নারায়ণগঞ্জ-ঢাকা থেকে মানুষ আসছে

নিজস্ব প্রতিবেদকঃ লাশ বহনের ফ্রিজিং গাড়ি। এসে থামল সড়কের পাশে। গাড়ি থেকে দ্রুত নেমে আসলেন ১০-১২ জন। স্থানীয় লোকজনের সন্দেহ হয়। তাঁরা চালকের কাছে ঘটনাটি জানতে চান। জানানো হয়, ভেতরে লাশের কফিন রয়েছে। আর গাড়ি থেকে নামা লোকজন মৃত ব্যক্তির স্বজন। তবু সন্দেহ না কাটায় চালকের কাছে লাশের কফিন দেখতে চান স্থানীয় লোকজন। তখন দৌড়ে পালিয়ে যান গাড়ি থেকে নামা ব্যক্তিরা। তখন সবাই বুঝে যান, লাশের গাড়িতে আসলে যাত্রী পরিবহন করে আনা হয়েছে।

খবর দেওয়া হয় পুলিশে। থানা থেকে একদল পুলিশ ঘটনাস্থলে আসে। তারা গাড়িচালক আব্দুস সালাম সিকদারকে আটক ও গাড়িটি জব্দ করে। পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাহাবুর রহমান শেখ ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে গাড়িচালককে ৫০ হাজার টাকা জরিমানা করেন।

শরীয়তপুর শহরের ধানুকা এলাকার এ ঘটনা রোববার সন্ধ্যার। তবে এমন ঘটনা জেলায় এটা নতুন নয়। নানা কৌশলে প্রতিদিন ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জসহ বিভিন্ন এলাকা থেকে মানুষ আসছেন শরীয়তপুরে। করোনাভাইরাসের বিস্তার ঠেকাতে ১৫ এপ্রিল শরীয়তপুর জেলা লকডাউন ঘোষণা করে জেলা প্রশাসন। সে মোতাবেক, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত জাতীয় ও আঞ্চলিক সড়ক-মহাসড়ক ও নৌপথ বা অন্য কোনো পথে শরীয়তপুরে প্রবেশ বা বের হওয়া নিষিদ্ধ। তবে জরুরি পরিষেবা এই সিদ্ধান্তের আওতামুক্ত।

শরীয়তপুরের ওপর দিয়ে পদ্মা ও মেঘনা নদী প্রবাহিত হয়েছে। জেলায় ওই দুটি নদীর ৬৯ কিলোমিটার নৌপথ রয়েছে। এই নৌপথ ব্যবহার করে সহজে ঢাকা ও নারায়ণগঞ্জ থেকে মানুষ ইঞ্জিনচালিত নৌকাযোগে শরীয়তপুরে চলে আসছেন। এ ছাড়া মাছ, সবজি, নিত্যপণ্য বহনকারী গাড়ি, লাশের গাড়ি ও অ্যাম্বুলেন্স যোগে মানুষ জেলায় আসছেন।

সড়ক পথে ঢাকা, চাঁদপুর, মাদারীপুর ও বরিশাল থেকে শরীয়তপুরে যাতায়াত করা যায়। রোববার মাদারীপুর-শরীয়তপুর সড়কের আংগারিয়া,শিবচর-জাজিরা সড়কের ডুবিসাহেবর, ঢাকা-শরীয়তপুর সড়কের কাজীরহাট এলাকায় গিয়ে দেখা যায়, বিভিন্ন পণ্যবাহী যানবাহনে ও ব্যাটারিচালিত ইজিবাইকে মানুষ আসছেন। কিছু কিছু স্থানে পুলিশ এসব গাড়ি থামিয়ে লেকজনকে নামিয়ে দিচ্ছে। এরপর ওই যাত্রীরা পায়ে হেঁটেই বাড়ির দিকে রওনা হচ্ছেন।

জানতে চাইলে জেলা প্রশাসক কাজী আবু তাহের প্রথম আলোকে বলেন, ‘লকডাউন কার্যকর করতে সেনাবাহিনী, পুলিশ, র‌্যাব ও জেলা প্রশাসনের কর্মকর্তারা মাঠে রয়েছেন। তা উপেক্ষা করেই মানুষ নানা কৌশলে শরীয়তপুরে আসছেন। আমরা যাদের ফেরার তথ্য পাচ্ছি, তাঁদেরই হোম কোয়ারেন্টিনে পাঠাচ্ছি।’

শরীয়তপুরে এ পর্যন্ত আটজনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। ওই আটজনই সম্প্রতি ঢাকা ও নারায়ণগঞ্জ থেকে এখানে এসেছেন। তাঁদের মধ্যে একজন ৪ এপ্রিল মারা গেছেন।
এদিকে করোনা পরিস্থিতি মোকাবিলায় মানুষকে সচেতন করতে, খাদ্য সহায়তা পৌঁছে দিতে স্থানীয় প্রশাসনের সঙ্গে কাজ করছেন স্বেচ্ছাসেবী সংগঠন বিডি ক্লিন ও জাজিরা করোনা প্রতিরোধ কমিটি।

বিডি ক্লিনের জেলা সমন্বয়ক আইনজীবী মাসুদুর রহমান প্রথম আলোকে বলেন, ‘করোনার বিস্তার নিয়ে আমরা বিপজ্জনক জোনে রয়েছি। কারণ এ জেলায় যে কয়জন আক্রান্ত হয়েছেন, তাঁরা সবাই করোনার হটস্পট ঢাকা ও নারায়ণগঞ্জ থেকে এসেছেন। এখনো প্রতিদিন এসব জায়গা থেকে লোকজন আসছেন।’ তিনি জানান, রোববার লাশের গাড়িতে যাত্রী আনার ঘটনাটি জানতে পেরে বিডি ক্লিনের সদস্যরা ঘটনাস্থলে যান। তাঁরা ওই গাড়ির চালককে আটক করে পুলিশে দেন। সংগঠনের সদস্যরা প্রিয় দেশকে নিরাপদে রাখতে জীবনের ঝুঁকি নিয়ে কাজ করে যাচ্ছেন। তবে কেন মানুষ সচেতন হচ্ছেন না, তাঁরা বুঝতে পারছেন না।

জাজিরা করোনা প্রতিরোধ কমিটির সদস্য মো. পলাশ খান বলেন, ‘প্রধানমন্ত্রীর নির্দেশের পরও স্থানীয় প্রশাসন আক্রান্ত জেলা থেকে মানুষ আসা বন্ধ করতে পারেনি। এটা যে আমাদের জেলার জন্য কত বড় বিপদ ডেকে আনবে তা আমরা বুঝতে পারছি না।’