নিজস্ব প্রতিবেদকঃ লক্ষ্মীপুরের কমলনগরে হারুন মাঝি (৫৫) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। করোনা ভাইরাস সংক্রমণ সন্দেহে তার মরদেহ থেকে নমুনা সংগ্রহ করে তার বাড়ি লকডাউন করা হয়েছে।
শুক্রবার (১০ এপ্রিল) রাত ৮টার দিকে উপজেলার চর ফলকন ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের আরব আলী পাটোয়ারী বাড়িতে এ মৃত্যুর ঘটনা ঘটে। খবর পেয়ে উপজেলা স্বাস্থ্য বিভাগের মেডিক্যাল টিম ওই বাড়িতে গিয়ে মৃত ব্যক্তির নমুনা সংগ্রহ করে।
কমলনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. রেজাউল করিম রাজিব বলেন, পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করা হয়েছে। দীর্ঘদিন থেকে তিনি অনিয়ন্ত্রিত ডায়াবেটিসে ভুগছিলেন। গ্যাংরিনে তার একটি পা কেটে ফেলা হয়েছে। গত কয়েকদিন থেকে তার অসুস্থতা আরও বেড়ে যায়।
তার মধ্যে করোনার কোন উপসর্গ না থাকলেও এমন পরিস্থিতিতে ঝুঁকি এড়াতে নমুনা সংগ্রহ ও বাড়ি লকডাউন করা হয়েছে বলে জানান মেডিকেল অফিসার রেজাউল।
এছাড়াও কমলনগরে করোনা সন্দেহে মৃত দুই ব্যক্তিসহ চার জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য চট্টগ্রামে পাঠানো হয়েছে। শুক্রবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত উপজেলার সাহেবেরহাট, চর মার্টিন ও তোরাবগঞ্জ এলাকা থেকে স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিক্যাল টিম এসব নমুনা সংগ্রহ করে।
যাদের থেকে নমুনা সংগ্রহ করা হয়েছে কাদের মধ্যে মৃত আশারফ উদ্দিন (২৫) জ্বর ও ডায়রিয়ায় মারা গেছেন বৃহস্পতিবার (০৯ এপ্রিল) রাতে। তার বাড়ি ভোলা জেলায়। তিনি কমলনগর উপজেলার সাহেবেরহাট ইউনিয়নে শ্বশুর বাড়িতে থাকতেন।
অপর মৃত ব্যক্তি হলেন বৃদ্ধ সায়েদল হক। তিনি চর মার্টিন ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। শুক্রবার সকাল ১১টার দিকে নিজ বাড়িতে তার মৃত্যু হয়। তিনি গত ১০/১২ বছর ধরে প্যারালাইজড, তার হাত-পা কাঁপতো।
এদিকে, নারায়ণগঞ্জ থেকে স্ত্রী ও শিশুপুত্র নিয়ে কমলনগরের চর মার্টিনে আসেন নুর আলম। তিনি অসুস্থ থাকায় তার নমুনা সংগ্রহ করা হয়েছে। এছাড়া তোরাবগঞ্জ এলাকার তুহিন নামের এক ব্যক্তির দুই দিন ধরে শুধু গলা ব্যথা থাকায় তিনি নিজেই নমুনা দিয়েছেন।
কমলনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিক্যাল অফিসার রেজাউল করিম এসব তথ্য জানিয়েছেন।


