‘লাইনে দাঁড়িয়ে ত্রাণ নিতে পারছি না, কাজ করারও উপায় নেই’

ঢাকা: বিশ্বব্যাপী মহামারি আকার ধারণ করা করোনা ভাইরাসে (কোভিড-১৯) দিনে দিনে ভারী হচ্ছে মৃত্যুর মিছিল। বিশ্বে এখন পর্যন্ত এ ভাইরাসে মারা গেছেন ৪৭ হাজারেরও বেশি মানুষ। দেশের মধ্যেও আক্রান্তের সংখ্যা বেড়ে ৫৬ জনে দাঁড়িয়েছে। মারা গেছেন ৬ জন। বাকি ৫০ জনের মধ্যে ২৫ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন এবং ২৫ জন চিকিৎসাধীন আছেন।

তবে, করোনা পরিস্থিতিতে সরকার ঘোষিত সাধারণ ছুটির কারণে শহরের রাস্তাঘাট, অলি-গলিতে কমে গেছে জনসমাগম। বন্ধ রয়েছে গণপরিবহনে যাত্রী চলাচল। বিশেষ প্রয়োজন ছাড়া কেউ ঘর থেকে বের হচ্ছেন না।

পাশাপাশি বন্ধ রয়েছে দোকানপাট ও মার্কেট। বন্ধ রয়েছে টং দোকান, যা নিম্ন আয়ের মানুষের নাস্তার কেন্দ্র। হোটেল রেস্টুরেন্টের মধ্যে কয়েকটি খোলা থাকলেও বলা হচ্ছে পার্সেল সার্ভিসের জন্য। এমনতাবস্থায় সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন নিম্ন-মধ্যম আয়ের মানুষেরা। তাদের হাতে টাকা নেই, কাজ নেই।

বৃহস্পতিবার (২ এপ্রিল) রাজধানীর মতিঝিল, দৈনিকবাংলা, পল্টন, কাকরাইল, নয়াপল্টন, মৌচাক এলাকা ঘুরে এসব চিত্র উঠে এসেছে।

সরেজমিনে দেখা যায়, পূর্বঘোষণা অনুযায়ী ফরচুন শিপিং মল, মৌচাক মার্কেট, আনারকলি মার্কেট, ইস্টার্ন প্লাস, গাজী ভবন শপিং সেন্টার, পলওয়েল সুপার মার্কেট বন্ধ রয়েছে। এসব মার্কেটের কোল ঘেঁসে থাকা টং দোকানগুলোও বন্ধ রয়েছে। রাস্তায় শুধু সেনাবাহিনী ও পুলিশি টহল চোখে পড়ছে। পথচারীদের অবাধ চলাচল নেই।

গণপরিবহন আগে থেকেই বন্ধ রয়েছে। তবে হাতেগোনা দু’একটি ব্যক্তিগত গাড়ি চোখে পড়ছে। বিশেষ প্রয়োজনে বের হওয়া মানুষগুলোর একমাত্র বাহন এখন রিকশা। লোকসমাগম কম থাকায় রাস্তায় রিকশাও কম দেখা গেছে। তবে, মানুষের মধ্যে সচেতনতা বেড়েছে। কারণে যারেই বাইরে বের হচ্ছেন তাদের অনেককেই মাস্ক এবং হ্যান্ড গ্লাভস ব্যবহার করতে দেখা গেছে।

অন্যদিকে, নিত্যপণ্য ও ওষুধের দোকান খোলা রয়েছে আগের মতোই। তবে ক্রেতার উপস্থিতি কম। কমেছে বিক্রির পরিমাণ।
এ অবস্থায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন নিম্ন ও মধ্যম আয়ের মানুষ। তাদের হাতে নেই কোনো টাকা, পাচ্ছেন না কোনো কাজ।

নয়াপল্টন এলাকায় ফুটপাতে ভাত বিক্রি করে সংসার চালান হাবিব। বর্তমান পরিস্থিতির বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, এখন দোকান খুলতে পারছি না। হাতে টাকা নেই, পরিবারের চাহিদা পূরণ করতে পারছি না।

একই কথা জানান সুজন। তিনি বলেন, এর আগে কোম্পানি চাকরি ছেড়ে রাইড শেয়ারিং করে ভালোই আয় হতো। এখন কাজ বন্ধ আছে। টাকা-খাবার কোনোটাই নেই। অন্যরা তো লাইনে দাঁড়িয়ে ত্রাণ নিচ্ছেন, আমরাতো সেটাও পারছি না। কাজ করারও কোনো উপায় নেই। এ অবস্থা চলতে থাকলে পথে বসতে হবে।