জ্যেষ্ঠ প্রতিবেদকঃ কোভিড-১৯ বা করোনা প্রাদুর্ভাবে প্রত্যেক অসহায় পরিবারকে এক মাসের রেশন সহায়তা দিচ্ছে চ্যারিটি রাইট বাংলাদেশ নামের একটি সংস্থা। মোট ১ লাখ পরিবারকে এ সহায়তা দেবে সংস্থাটি।
মঙ্গলবার (১৪ এপ্রিল) চ্যারিটি রাইট বাংলাদেশের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে উল্লেখ করা হয়েছে- আন্তর্জাতিক সামাজিক কল্যাণ সংস্থা চ্যারিটি রাইট বাংলাদেশ করোনা ভাইরাসের সঙ্কট মোকবিলায় সুবিধাবঞ্চিত গরিব পরিবারগুলোর নিত্যপ্রয়োজনীয় পণ্যের নিশ্চিতকরণ এবং সুরক্ষার লক্ষ্য ব্যাপক উদ্যোগ নিয়েছে। যারা দিন আনে-দিন খায় তাদের মধ্যে ‘জরুরি খাদ্য প্যাকেজ’ সরবরাহ করা হচ্ছে। সংস্থাটি চার সদস্যের একটি পরিবারের জন্য চাল, মসুর ডাল, আলু, চিনি, তেল এবং লবণসহ ‘এক মাসের রেশন বক্স’ সরবরাহ করছে। এ কর্মসূচির আওতায় মোট এক লাখ পরিবারকে এ সহায়তা দেওয়া হবে।
সংস্থাটির বাংলাদেশের চেয়ারম্যান ও কান্ট্রি হেড আশফাক জামান বলেন, সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর বর্তমান সঙ্কট মোকাবিলায় সহায়তার লক্ষ্য আমাদের সীমিত যোগান ও সব প্রচেষ্টা দিয়ে চেষ্টা করে যাচ্ছি। চ্যারিটি রাইট বাংলাদেশ সুবিধাবঞ্চিত বস্তিবাসীদের মধ্যে ৫০ হাজার করোনার প্রতিরোধমূলক সুরক্ষা কিট সরবরাহের জন্য ‘করোনা প্রিভেনশন ক্যাম্পেইন’ চালিয়ে যাচ্ছে। পাশাপাশি ঢাকা শহরে ও এর বাইরে কোভিড-১৯ রোগীদের চিকিৎসায় নিবেদিত সংস্থাটির বিভিন্ন কমিউনিটি ক্লিনিক এবং হাসপাতালে কর্মরত সমাজকর্মীদের মধ্যে ব্যক্তিগত সুরক্ষা সরঞ্জাম (পিপিই) সরবরাহ করছে। এরই মধ্যে বাংলাদেশ বিভিন্ন অঞ্চলের বস্তিবাসী সুবিধাবঞ্চিত পরিবারের মধ্যে জরুরি খাদ্য প্যাক বিতরণের জন্য কাজ শুরু করছে চ্যারিটি রাইট।
অন্যদিকে, করোনা ভাইরাস সম্পর্কে সচেতনতা বাড়াতে ক্যাবল নিউজ ইন্টারন্যাশনালের (সিএনআই) সহায়তায় চ্যারিটি রাইট সরকারের এটুআই-প্রকল্পের ‘জেনারেল অ্যাওয়্যারনেস ক্যাম্পেইন’ এর সঙ্গে গণমাধ্যমে প্রচারের জন্য বিভিন্ন সামাজিক তথ্যমূলক অ্যানিমেটেড ভিডিও কনটেন্ট তৈরিতে সহায়তা করছে।


