লালবাগে দুর্বৃত্তদের হামলায় এক যুবক নিহত

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর লালবাগ থানা এলাকায় দুর্বৃত্তদের হামলায় রানা ওরফে পাইটু রানা (২২) নামে এক যুবক নিহত হয়েছেন।

তিনি ওই এলাকার একটি হত্যা মামলার এজহারভুক্তসহ বেশ কয়েকটি মামলার আসামি ছিলেন।

শনিবার দিবাগত রাত সাড়ে ১০টার দিকে লালবাগ এলাকার খান মসজিদের দক্ষিণ পাশের চৌরাস্তার মোড়ে এ ঘটনা ঘটে।

লালবাগ বিভাগের (জোন) অতিরিক্ত উপকমিশনার মোহাম্মদ নাজির আহমেদ খান জানিয়েছেন, রানাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে। হামলাকারীরা ঘটনার পর দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে গেছে।

লালবাগ থানার পরিদর্শক (তদন্ত) পরিতোষ চন্দ্র সাহা জানান, তার পেটে একটি ছুরি বিদ্ধ অবস্থায় ছিল। এ ছাড়া ডান হাতে একটি চাপাতি ধরা অবস্থায় ছিল। চাপাতিটি রানার কি না তা নিশ্চিত হওয়া যায়নি।

তার বিরুদ্ধে বেশ কয়েকটি মামলা রয়েছে। এ ছাড়া স্থানীয় সাবু হত্যা মামলার এজহারভুক্ত আসামি ছিলেন রানা। ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে।