লালমনিরহাটে নারায়ণগঞ্জ থেকে আসা এক ব্যক্তির করোনা আক্রান্ত, ৬০টি বাড়ি লকডাউন

 লালমনিরহাটে নারায়ণগঞ্জ থেকে আসা এক ব্যক্তি (৩২) করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ায় ৬০টি বাড়ি লকডাউন ঘোষণা করেছে প্রশাসন।
শনিবার (১১ এপ্রিল) রাতে এ তথ্য নিশ্চিত করেন লালমনিরহাট সিভিল সার্জন ডা. নির্মলেন্দু রায়।
আক্রান্ত ব্যক্তি নারায়ণগঞ্জে নির্মাণ শ্রমিক হিসেবে কাজ করতেন,  সম্প্রতি তিনি গ্রামে ফিরে আসেন। তিনিই জেলায় প্রথম করোনা আক্রান্ত ব্যক্তি।
লালমনিরহাট সিভিল সার্জন ডা. নির্মলেন্দু রায় বলেন, নারায়ণগঞ্জ থেকে আসা ওই শ্রমিকের করোনার লক্ষণ দেখা দিলে তার নমুনা সংগ্রহ করে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের করোনা ল্যাবে পাঠানো হয়। পরীক্ষায় করোনা পজিটিভ আসে। এছাড়া আরও ৯ জনের নমুনা পরীক্ষা করা হলে তাদের রিপোর্ট নেগেটিভ এসেছে।
করোনা আক্রান্ত ব্যক্তিকে স্বাস্থ্য বিভাগের তত্ত্বাবধানে বাড়ি থেকে নিয়ে লালমনিরহাট নার্সিং প্রশিক্ষণ কেন্দ্রের আইসোলেশন ওয়ার্ডে ভর্তি করা হয়। একইসঙ্গে তার বাড়িসহ পার্শ্ববর্তী ৬০টি বাড়ি লকডাউন করা হয়েছে বলে জানান সিভিল সার্জন ডা. নির্মলেন্দু রায়।