শক্তিশালী ভূমিকম্পে কাঁপল ফিলিপাইন

ফিলিপাইনের মধ্যাঞ্চলের সামার দ্বীপে সোমবার দুপুরে ৬ দশমিক ০ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। দেশটির স্থানীয় সময় সোমবার (৪ মে) দুপুর ২টা ৯ মিনিটে ভূমিকম্পটি অনুভূত হয় বলে জানিয়েছে ইউনাইটেড স্টেটস জিওলজিক্যাল সার্ভে (ইউএসজিএস)।

ইউএসজিএসের তথ্য অনুযায়ী, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠের প্রায় ৭৩ দশমিক ৩ কিলোমিটার গভীরে। উপকূলীয় শহর সান জুলিয়ান থেকে প্রায় ৯ কিলোমিটার দূরে এর কেন্দ্রস্থল ছিল।

তাৎক্ষণিকভাবে কোনো হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। বার্তা সংস্থা এএফপিকে এক স্থানীয় পুলিশ কর্মকর্তা জানান, ভূমিকম্পটি ছিল ‘প্রবল ও আকস্মিক’।

তিনি বলেন, ‘পুলিশ স্টেশনের ছাদের সঙ্গে যুক্ত একটি বিম ভেঙে গেছে। এছাড়া কিছু আসবাবপত্র নড়তে দেখা গেছে।’

আফটারশকের আশঙ্কায় তিনি ও তার সহকর্মীরা ভবনের বাইরে অবস্থান করছেন বলেও জানান ওই কর্মকর্তা।

ভূমিকম্পপ্রবণ ফিলিপাইনে প্রায়ই শক্তিশালী কম্পন অনুভূত হয়। গত অক্টোবর মাসে পূর্ব মিন্ডানাও দ্বীপে ৭ দশমিক ৪ এবং ৬ দশমিক ৭ মাত্রার দুটি ভূমিকম্পে অন্তত আটজন নিহত হন।

এর আগে কয়েকদিনের ব্যবধানে আঘাত হানা ৬ দশমিক ৯ মাত্রার আরেকটি ভূমিকম্পে প্রাণ হারান ৭৬ জন। সরকারি হিসাবে, ওই ভূমিকম্পে মধ্য ফিলিপাইনের সেবু প্রদেশে প্রায় ৭২ হাজার ঘরবাড়ি ধ্বংস বা ক্ষতিগ্রস্ত হয়েছিল।