নিজস্ব প্রতিবেদক, গাজীপুর : গাজীপুরের জনপ্রিয় প্রয়াত সংসদ সদস্য, বিশিষ্ট শ্রমিক নেতা, শিক্ষক ও মুক্তিযোদ্ধা আহসান উল্লাহ মাস্টারের ১৩তম শাহাদাৎ বার্ষিকী আজ । ২০০৪ সালের এইদিনে টঙ্গীতে এক জনসভায় তাকে প্রকাশ্যে গুলি চালিয়ে হত্যা করা হয়। সেদিন এ ঘটনায় গোটা গাজীপুরে শোকের ছায়া নেমে আসে। জাতীয় রাজনীতি অঙ্গনও শোকে স্থবির হয়ে যায়।
আহসান উল্লাহ মাষ্টারের পরিবার, জেলা আওয়ামীলীগ ও এর অঙ্গসংগঠন মৃত্যুবার্ষিকী উপলক্ষে টঙ্গীসহ গাজীপুরের বিভিন্নস্থানে ব্যাপক কর্মসূচি গ্রহণ করেছে । কর্মসূচির মধ্যে রয়েছে গাজীপুর সিটি করপোরেশনের হায়দারাবাদ গ্রামে আহসান উল্লাহ মাস্টারের কবরে পুষ্পস্তবক অর্পণ, আলোচনা সভা ও মিলাদ মাহফিল। দুপুরে টঙ্গীতে শহীদ আহসান উল্লাহ মাস্টারের বাসভবন সংলগ্ন নোয়াগাঁও এম.এ মজিদ মিয়া উচ্চ বিদ্যালয় মাঠে তার সঙ্গে নিহত রতন, হানিফ, মনির ও আফাজের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হবে। বাদ আসর দলীয় কার্যালয়সমূহে দোয়া অনুষ্ঠিত হবে।
এ ছাড়া বিভিন্ন উপজেলায় দলীয় কার্যালয়ে পবিত্র কোরআনখানি, শোক পতাকা, জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, নেতাকর্মীদের কালো ব্যাজ ধারণের কর্মসূচী গ্রহণ করা হয়েছে। এতে মন্ত্রী, এমপি ও কেন্দ্রীয় নেতৃবৃন্দ অংশগ্রহণ নেবেন ।
শহীদ আহসান উল্লাহ মাস্টারের পুত্র ও যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মো. জাহিদ আহসান রাসেল এমপি এক বিবৃতিতে তার পিতার শাহাদাৎ বার্ষিকীতে দেশবাসীর কাছে দোয়া কামনা করেছেন।তিনি তার বাবা শহীদ আহসান উল্লাহ মাস্টারের ১৩তম শাহাদাৎ বার্ষিকীর কর্মসূচিতে সর্বস্তরের মানুষকে অংশগ্রহণের জন্য অনুরোধ জানিয়েছেন।
শহীদ আহসান উল্লাহ মাস্টার স্মৃতি পরিষদের সাধারণ সম্পাদক সাংবাদিক আতাউর রহমান জানান, ২০০৪ সালের ৭ মে বিএনপি-জামায়াত জোট সরকারের মদদ পুষ্ট একদল সন্ত্রাসী টঙ্গীর নোয়াগাঁও এম এ মজিদ মিয়া উচ্চবিদ্যালয় মাঠে জনসভায় প্রকাশ্যে গুলি করে আহসান উল্লাহ মাস্টারকে হত্যা করে। ২০০৫ সালের ১৬ এপ্রিল দ্রুত বিচার আইনে এ হত্যা মামলার রায় হয়। রায়ে প্রধান আসামী বিএনপি নেতা নূরুল ইসলাম সরকারসহ ২২ জনকে ফাঁসি ও ৬ জনকে যাবজ্জীবন কারাদন্ড প্রদান করেন আদালত। সেই সঙ্গে ওই মামলায় ২৮জনের মধ্যে ২জন খালাস পান। এরমধ্যে প্রধান আসামীসহ ১৬ জন দেশের বিভিন্ন কারাগারে বন্দী রয়েছে। বাকী ১০ জন আসামী ভারত, বেলজিয়াম, ফ্রান্স, ইতালি, কানাডা, দুবাইসহ বিভিন্ন দেশে পলাতক রয়েছে। কারাগারে থাকা অবস্থায় ২ জন আসামীর মৃত্যু হয়েছে।
শহীদ আহসান উল্লাহ মাস্টার হত্যা মামলার বাদী তার ছোট ভাই আওয়ামী লীগ নেতা মো. মতিউর রহমান এক যুগেও শহীদ আহসান উল্লাহ মাস্টার হত্যা মামলার রায় বাস্তবায়ন না হওয়ায় উদ্বেগ প্রকাশ করেন ও অবিলম্বে ফাঁসির রায় কার্যকর করার দাবী জানান।
উল্লেখ্য, আহসান উল্লাহ মাষ্টার গাজীপুর-২ (গাজীপুর সদর-টঙ্গী) আসন হতে ১৯৯৬ ও ২০০১ সালে দুইবার সংসদ সদস্য, ১৯৯০ সালে গাজীপুর সদর উপজেলা চেয়ারম্যান এবং ১৯৮৩ ও ১৯৮৭ সালে দু’দফা পূবাইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হন। তিনি আওয়ামী লীগের জাতীয় কমিটির সদস্য, শিক্ষক সমিতিসহ বিভিন্ন সমাজ সেবামূলক জাতীয় ও আন্তর্জাতিক প্রতিষ্ঠান ও সংগঠনের সাথে জড়িত ছিলেন। আহসান উল্লাহ মাস্টার শ্রমিক লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করেছেন।


